দ. আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে মো. শাহাদাত হোসেন (২৪) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। বাংলাদেশ সময় গতকাল রোববার সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ইস্টরেন্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহাদাত হোসেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের বেপারীপাড়ার এস্তেফাজ উদ্দিনের ছেলে। তিনি গত জানুয়ারি মাসে বড় ভাইয়ের দোকান দেখাশোনা করার জন্য দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন।
বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম ডি জুনাইদ চৌধুরী নিহত শাহাদাত হোসেনের স্বজনদের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ইস্টরেন্ড এলাকায় বড় ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করতেন শাহাদাত হোসেন। গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিন-চারজন সশস্ত্র ডাকাত ওই ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে মালামাল ও নগদ টাকা লুট করতে থাকেন। ডাকাতেরা লুটপাট করে চলে যাওয়ার সময় শাহাদাতকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়েন। পরে শাহাদাতের বড় ভাই রুবেলসহ অন্য প্রবাসীরা গিয়ে গুলিবিদ্ধ শাহাদাতকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।