দক্ষিণ আফ্রিকায় ছুরিকাঘাতে বাংলাদেশিকে খুনের অভিযোগ
দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় নিজ দোকানের আফ্রিকান কর্মচারীর হাতে ছুরিকাঘাতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে তাঁর পরিবার। বাংলাদেশ সময় গতকাল শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর হত্যাকারী তাঁর বাসা ও দোকানে থাকা নগদ টাকা এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত মোহাম্মদ হাসান (৩৩) নোয়াখালীর বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের গুনহাজী ব্যাপারী বাড়ির মৃত আমিন উল্যা দরবেশের ছেলে। ৮ ভাই ও ২ বোনের মধ্যে হাসান ছিলেন ভাইদের মধ্যে চতুর্থ। ছয় বছর আগে আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছিলেন হাসানের বড় ভাই মো. টিপু।
নিহত হাসানের চাচা কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, জীবিকার তাগিদে বড় ভাই টিপুর মাধ্যমে প্রায় ১৫ বছর আগে আফ্রিকায় পাড়ি জমান মোহাম্মদ হাসান। আফ্রিকায় তাঁরা তিন ভাই থাকতেন। ছয় বছর আগে টিপুকে সে দেশের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এরপর হাসান ও তাঁর ছোট ভাই মোহাম্মদ হেলাল উদ্দিন একই শহরে থাকতেন। হাসান প্রিটোরিয়ায় একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন। আগামী জুনে বাড়িতে আসার কথা ছিল তাঁর। পরিবারের পক্ষ থেকে তাঁর বিয়েরও প্রস্তুতি নেওয়া হচ্ছিল। শনিবার সকালে হাসানের ছোট ভাই হেলাল বাড়িতে ফোন করে বড় ভাই হাসানের খুন হওয়ার ঘটনাটি তাঁদের জানান।
হেলাল তাঁদের জানিয়েছেন, ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করার জন্য স্থানীয় (আফ্রিকান) এক যুবককে কর্মচারী হিসেবে নিয়োগ দেন হাসান। দীর্ঘদিন পর বাড়িতে আসবেন, তাই টাকা ও মূল্যবান মালামাল নিজের বাসায় রাখেন তিনি। শুক্রবার রাতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে তাঁর পেছনের বাসায় গিয়ে খাওয়ার পর আফ্রিকান কর্মচারীসহ ঘুমিয়ে পড়েন হাসান। রাতে কোনো এক সময় ওই কর্মচারী ঘুমের মধ্যে হাসানকে ছুরিকাঘাতে হত্যার পর বাসায় থাকা নগদ সে দেশীয় মুদ্রা ও মালামাল নিয়ে পালিয়ে যান। এ সময় হাসানের চিৎকারে পাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসানের চাচা কামাল উদ্দিন বলেন, হাসানের মৃত্যুতে বাড়িতে তাঁর বৃদ্ধা মা জাহানারা বেগমসহ পরিবারের সদস্যদের আহাজারি চলছে। আফ্রিকায় অবস্থানকারী ছোট ভাই হেলাল স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়ে লাশটি দেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা চান তাঁরা।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক বলেন, দক্ষিণ আফ্রিকায় জিরতলীর কেউ খুন হওয়ার বিষয়ে থানায় পরিবারের পক্ষ থেকে কেউ কিছু জানায়নি।
এর আগে বাংলাদেশ সময় গত শুক্রবার রাত একটার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে মো. গোলাম মোস্তফা (৩৮) নামের এক বাংলাদেশি নিহত হন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত মো. গোলাম মোস্তফা নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মৃত জয়নাল আবেদিনের ছেলে।