দক্ষিণ উপকূলে প্রবল বৃষ্টি, ভেসে গেছে মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারী বর্ষণে উপড়ে পড়েছে গাছ। বুধবার বিকেলে বরগুনার আমতলী উপজেলা পরিষদ এলাকায়
প্রথম আলো

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে তিন দিন ধরে অতিবর্ষণ আর ঝোড়ো বাতাসে বরিশালসহ দক্ষিণ উপকূলে জীবনযাত্রা থমকে গেছে। বরিশাল নগরে বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও বরগুনা, পটুয়াখালী জেলায় অতি ভারী বর্ষণে অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

অতি ভারী বর্ষণের পাশাপাশি নদ-নদীতে বিপৎসীমার ওপর দিয়ে জোয়ার প্রবাহিত হচ্ছে। ফলে এলাকায় অসংখ্য পুকুর, ঘের পানিতে ডুবে অনেক মাছ ভেসে গেছে। আউশ খেত, আমনের বীজতলা পানিতে ডুবে গেছে। ঝোড়ো বাতাসে উপচে পড়েছে গাছপালা। বরগুনায় ঝড়ে গতকাল মঙ্গলবার রাত থেকে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আজ বুধবার বিকেলে তা চালু হয়। ফলে মোবাইল নেটওয়ার্কও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

পটুয়াখালী ও কলাপাড়া আবহাওয়া কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কলাপাড়াসংলগ্ন বরগুনা জেলায় ২৪ ঘণ্টায় ২৬২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পটুয়াখালীতে হয়েছে ১৮৯ দশমিক ৬ মিলিমিটার। আর তবে বরিশালে গতকাল সন্ধ্যা থেকে থেমে থেমে বৃষ্টিপাত হলেও তা ভারী বর্ষণ ছিল না। বরিশালে গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৩ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

অতি ভারী বর্ষণে মাটি আলগা হয়ে উপড়ে পড়েছে গাছ। বুধবার বিকেলে বরগুনার আমতলী উপজেলা পরিষদ এলাকায়
প্রথম আলো

কঠোর বিধিনিষেধের মধ্যে বৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারণে আজ বরিশাল নগরের রাস্তাঘাটে লোকজনের চলাচল ছিল কম। বৃষ্টিতে অনেক এলাকার রাস্তাঘাটে পানি জমে যায়। কীর্তনখোলা নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় নগরের সাগরদী, দপদপিয়া, কালিজিরা, পলাশপুর, আমানতগঞ্জ; নগরের বাইরে চরমোনাই, শায়েস্তাবাদ, তালতলী, লামচরিসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়। বাড়িঘরে পানি ঢোকায় এসব এলাকার বাসিন্দারা দুর্ভোগে পড়েছে।

বরগুনা সদরের খাজুরতলা গ্রামের কৃষক আবদুল খবির (৭৫) বলেন, ‘আমার জীবনে শ্রাবণ মাসে এত অল্প সময়ে এমন বিরামহীন ভারী বৃষ্টিপাত দেখিনি। আমতলী উপজেলায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে।’

জেলার আমতলী উপজেলায় ৬ হাজার ৪৫টি পুকুর ও মাছের ঘের পানিতে ডুবে গেছে। অনেক ঘেরের মাছ ভেসে গেছে। মাটি আগলা হয়ে উপড়ে পড়েছে অন্তত সহস্রাধিক বিভিন্ন প্রজাতির গাছ। পশ্চিম সোনাখালী গ্রামের সোহেল রানা বলেন, পুকুর তলিয়ে মাছ ভেসে গেছে। তিনি আরও বলেন, এই গ্রামের অন্তত ৫০টি পুকুর তলিয়ে গেছে।

অতি ভারী বর্ষণে ভেসে গেছে অসংখ্য ঘের-পুকুরের মাছ। বুধবার বিকেলে বরগুনার আমতলী শহরে
প্রথম আলো

হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের কৃষক শিবলী শরীফ বলেন, শুধু পানি আর পানি। চারদিকে পানিতে থই থই করছে। বীজতলা পানির নিচে তলিয়ে রয়েছে। আমতলীর পূজাখোলা গ্রামের মাছচাষি আমির হোসেন বলেন, তিন একর জমির মাছের ঘেরের অন্তত পাঁচ লাখ টাকার মাছ ভেসে গেছে। তিনি আরও বলেন, এই এলাকার ২৫টি ঘেরের মধ্যে ১০টি ঘেরই পানিতে তলিয়ে গেছে। এতে অন্তত ওই ঘেরে ৩০ লাখ টাকার ক্ষতি হবে।

আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মাৎ হালিমা সরদার বলেন, ১২ হাজার পুকুর এবং ১৫০টি ঘেরের ক্ষতি হয়েছে। এতে এক কোটি টাকার ওপরে ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা আছে।

ভারী বৃষ্টিপাতে মাটি আগলা হয়ে অন্তত এক হাজার বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে পড়েছে। আমতলী উপজেলা পরিষদের ভেতরে ১১টি বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে সড়কে পড়ে থাকায় মানুষের চলাচল বিঘ্নিত হচ্ছে। বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার কারণে গত সোমবার গভীর রাতে আমতলী উপজেলার বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। আজ সন্ধ্যায়ও তা বিচ্ছিন্ন ছিল। বরগুনা শহরের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় গতকাল রাতে। আজ বিকেলে তা পুনঃস্থাপিত হয়।

বরগুনায় ৮ হাজার ৩০০ হেক্টর জমিতে আমনের বীজতলা করা হয়েছে। সেসব বীজতলা এখন হাঁটুপানির নিচে। কৃষকেরা বলছেন, আর দুই দিন জলাবদ্ধতা থাকলে সব বীজ পচে যাবে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন তাঁরা।

বরিশাল আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মো. আনিসুর রহমান আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপের প্রভাবে তিন দিন ধরে প্রবল বর্ষণ ও ঝোড়ো আবহাওয়া বিরাজ করছে। তবে বরগুনা ও পটুয়াখালীতে প্রবল বর্ষণ হয়েছে, যা নজিরবিহীন। সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল আছে। কাল বৃহস্পতিবার বিকেল নাগাদ পরিস্থিতির উন্নতি হতে পারে।