দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ মিছিলে বাধা দিলে বিএনপির নেতা–কর্মীরা সড়কে অবস্থান নেন। আজ বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জে
ছবি: প্রথম আলো

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা বাসরোড এলাকায় বিএনপির কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি নুর হোসেনের বাড়িতে ছাত্রলীগের নেতা–কর্মীরা হামলা চালান বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে। এরপর সেখান থেকে সংগঠনের সভাপতি নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে শতাধিক নেতা–কর্মী বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দিলে বিএনপির নেতা–কর্মীরা সড়কে বসে অবস্থান নেন। এ সময় পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।

নিপুণ রায় বলেন, ‘আমাদের নেতা–কর্মীরা শান্তিপূর্ণ মিছিল বের করেন। এ সময় পুলিশ আমাদের বাধা দেয়। পুলিশ আমাকে ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলীসহ কয়েকজন নেতা–কর্মীকে লাঠিচার্জ করে। একপর্যায়ে পুলিশ নেতা–কর্মীদের ওপর গুলি ছোড়ে। এ ঘটনায় আমি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

এর আগে সংবাদ সম্মেলনে নিপুণ রায় চৌধুরী বলেন, বিএনপি নেতা নুর হোসেনের মা দীর্ঘদিন ধরে অসুস্থ। তাই তাঁরা নুর হোসেনের মা ও তাঁর পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য তাঁদের সেখানে যাওয়ার কথা ছিল। এর আগেই দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিমের নেতৃত্বে নুর হোসেনের বাড়িতে প্রকাশ্যে ভাঙচুর ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রলীগ নেতা জসিমকে গ্রেপ্তার করার দাবি জানান তিনি।

বিএনপি নেতা নুর হোসেন বলেন, ‘ বৃহস্পতিবার বেলা একটার দিকে ছাত্রলীগ নেতা জসিমের নেতৃত্বে ২৫-৩০ জন সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে বাড়িতে ভাঙচুর চালায়। একপর্যায়ে হামলকারীরা আমার বৃদ্ধ মা খুরশিদা বেগম (৭০), স্ত্রী জেসমিন হোসেন (৪০), ভাইয়ের স্ত্রী রাবেয়া বেগম, আমার চাচাতো বোনসহ পাঁচ–ছয়জনকে মারধর করে। একপর্যায়ে তারা আমাকেও মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়।’

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিম হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবীর সাংবাদিকদের বলেন, করোনা পরিস্থিতির মধ্যে অনুমতি ছাড়া বিএনপি নেত্রী নিপুণ চৌধুরী নেতা–কর্মীদের নিয়ে সড়কে অবস্থান করে সভা শুরু করে দেন। এ সময় পুলিশ অত্যন্ত ভদ্রভাবে তাঁদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে। কিন্তু তাঁরা ক্ষিপ্ত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পুলিশ আত্মরক্ষার্থে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়। একপর্যায়ে বিএনপি নেত্রী নিপুণ পুলিশকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান।