দক্ষিণ সুরমায় গাছ কাটা নিয়ে বিরোধে হামলায় সৎভাই নিহত
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় গাছ কাটা নিয়ে বিরোধের জেরে সৎভাই ও তাঁর পরিবারের সদস্যদের হামলায় আরেক ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত শাহাব উদ্দিন আহমদ (৪৫) উপজেলার কুচাই ইউনিয়নের পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শাহাব উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহাব উদ্দিনের সঙ্গে সৎভাই কামরুল আহমদের জায়গাজমি নিয়ে বিরোধ ছিল। আজ সকালে তাঁর বাড়ির সামনে লোকজন নিয়ে গাছ কাটতে যান কামরুল। এ সময় শাহাব উদ্দিন ও তাঁর পরিবারের লোকজন বাধা দিলে সবাইকে মারধর করে গাছ কেটে নিয়ে যান কামরুল ও তাঁর লোকজন। এতে আহত হন শাহাব উদ্দিন। একপর্যায়ে শাহাব উদ্দিনের পক্ষের লোকজনও কামরুলের লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা বলেন, গাছ কাটা নিয়ে সৎভাইদের মধ্যকার পাল্টাপাল্টি হামলায় খুন হয়েছেন শাহাব উদ্দিন। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের হিমঘরে রাখা হয়েছে।
ওসি শামসুদ্দোহা আরও বলেন, এ ঘটনায় আজ বিকেল চারটা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। হামলায় আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া ঘটনার সঙ্গে সম্পৃক্ত পাঁচজন পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।