দক্ষিণের ২১ জেলায় চলছে পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) জারি করা ট্রাক ও কাভার্ড ভ্যানের সাইড অ্যাঙ্গেল, বাম্পার ও হুক অপসারণের সিদ্ধান্ত বাতিলসহ ১২ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট করছে দক্ষিণের ২১ জেলার পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল সোমবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু করেছে সংগঠনটি।

এদিকে ধর্মঘটের কারণে পণ্য পরিবহন বন্ধ থাকায় বিপদে পড়েছেন ব্যবসায়ীরা। সকাল থেকেই সব গুরুত্বপূর্ণ স্থানে ট্রাক ও কাভার্ড ভ্যান আটকে দেওয়া হয়। এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রতিটি সড়কেই আটকে আছে শত শত ট্রাক ও কাভার্ড ভ্যান।

খুলনার জিরো পয়েন্ট এলাকায় কাভার্ড ভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকা মিনারুল ইসলাম বলেন, ‘ভোমরা স্থলবন্দর থেকে ইলেকট্রনিকস সামগ্রী নিয়ে ঢাকায় যাওয়ার কথা। কিন্তু মাল লোড হতে দেরি হওয়ায় রাত তিনটার দিকে সেখান থেকে বের হই। খুলনায় এসে আটকে পড়েছি। আজকের মধ্যে ঢাকায় পৌঁছাতে না পারলে মালিকের অনেক ক্ষতি হয়ে যাবে।’

খুলনার কেসিসি পাইকারি কাঁচাবাজার থেকে পণ্য যায় ঢাকাসহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায়। এসব পণ্যও জেলার বিভিন্ন গ্রাম থেকে আসে ট্রাক বা পিকআপে করে। গতকাল ওই বাজারে অন্যদিনের তুলনায় মাল অর্ধেকেরও কম এসেছে। ওই বাজারের আবদুস সোবহান নামের এক কাঁচামাল ব্যবসায়ী বলেন, ‘এখান থেকে কাঁচামাল কিনে বিভিন্ন জেলায় ট্রাকে করে পাঠাই। কিন্তু ধর্মঘট হওয়ায় মাল কিনতে পারিনি। বাজারেও মাল অনেক কম আসছে।’

ওই বাজার সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম বলেন, ওই বাজার থেকে প্রতিদিন ৪০ থেকে ৫০ ট্রাক কাঁচামাল দেশের বিভিন্ন জেলায় যায়। পণ্য পরিবহন বন্ধ থাকায় কাঁচামাল অনেক কম এসেছে। পণ্য পরিবহনে এভাবে ধর্মঘট চলতে থাকলে কাঁচামালের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।

গত শনিবার ১২ দফা দাবি জানিয়ে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে গতকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় দক্ষিণ-পশ্চিম অঞ্চল (২১ জেলা) পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারে সঙ্গে ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে বৈঠক করে সংগঠনটি। কিন্তু ওই বৈঠক ফলপ্রসূ হয়নি। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠক হওয়ার কথা আছে।

ওই সংগঠনের সদস্যসচিব আবদুর রহিম বক্স দুদু প্রথম আলোকে বলেন, ‘আমাদের ধর্মঘট চলছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তা চলবে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে করে সিদ্ধান্ত নেওয়া হবে পণ্য পরিবহন ধর্মঘট চলবে কি না।’

সংগঠনটির অন্য যেসব দাবি রয়েছে, সেগুলো মধ্যে উল্লেখযোগ্য হলো প্রতিটি জেলায় পণ্য পরিবহন নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন, ফেরিঘাটের চাঁদাবাজি ও অনিয়ম বন্ধ করা, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া সড়কে কোনো পণ্যবাহী যানের কাগজপত্র পরীক্ষার নামে পুলিশের হয়রানি বন্ধ করা, মহাসড়ক থেকে অবৈধ যান চলাচল বন্ধ করা, পৌরসভা ও সিটি করপোরেশনের নামে চাঁদাবাজি বন্ধ করা, পণ্য পরিবহনে ব্রিজের টোল কমানো, অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় স্পিড ব্রেকার অপসারণ, জেলায় জেলায় চালকদের প্রশিক্ষণের ব্যবস্থাসহ লাইসেন্স প্রদান ও লাইসেন্স প্রদানের ক্ষেত্রে পুনরায় পরীক্ষা প্রথা বাতিল করা।