দখল-দূষণের হাত থেকে নরসুন্দাকে রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় প্রবাহিত নরসুন্দাসহ দেশের সব নদ-নদী দখল ও দূষণের হাত থেকে রক্ষা করার দাবিতে সোমবার মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আধা ঘণ্টা কর্মসূচি পালনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।  
বেলা ১১টার দিকে নান্দাইল উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের এক পাশে দাঁড়িয়ে এ মানববন্ধন করেন সংগঠনের নেতা ও সদস্যরা। ইউএনওকে দেওয়া স্মারকলিপিতে থাকা দাবিগুলো হচ্ছে নরসুন্দা নদীর তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা। নদীতে বর্জ্য ও ময়লা ফেলা বন্ধ করা। কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরা বন্ধ করা। নদীর দুই পাড়ে গাছ লাগিয়ে পাখি বসবাসের উপযোগী করা। নদীর গভীর অংশে মাছের অভয়ারণ্য গড়ে তোলা ইত্যাদি।

ময়মনসিংহের নান্দাইলে নরসুন্দা নদী দখল ও দুষণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন হয় উপজেলা পরিষদের সামনে
প্রথম আলো

মানববন্ধন চলাকালে নদী রক্ষা কমিটির আহ্বায়ক মো. সাইদুর রহমান বলেন, তাঁরা উচ্চ আদালতের রায় অনুযায়ী নরসুন্দা নদী দখল ও দূষণমুক্ত চান। নদী হচ্ছে জীবন্ত সত্তা। নদীকে তার মতো করে চলতে দিতে হবে। দখল ও দূষণ ছড়িয়ে নরসুন্দার জীবনসত্তাকে নষ্ট করে ফেলা হচ্ছে। দায়িত্বশীল ব্যক্তিরা নদীতে কঠিন ও তরল বর্জ্য ফেলে দূষণ ছড়িয়ে দিচ্ছেন। এসব বন্ধ করতে হবে।
কর্মসূচি চলার সময় কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. এনামুল হক বলেন, নরসুন্দাসহ অন্যান্য নদীকে কেন্দ্র করে নান্দাইলের বিশাল এক জনগোষ্ঠীর জীবন-জীবিকা গড়ে উঠেছে। নদী দখলের কারণে আজ এসব মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।