দখলে নিতে ফেলা হচ্ছে মাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাটি ফেলে ভরাট করা হচ্ছে রাজশাহীর পাঠানপাড়া এলাকায় অবস্থিত লালশাহ পার্কের একটি অংশ। ছবিটি শুক্রবার বিকেলে তোলা l প্রথম আলো
মাটি ফেলে ভরাট করা হচ্ছে রাজশাহীর পাঠানপাড়া এলাকায় অবস্থিত লালশাহ পার্কের একটি অংশ। ছবিটি শুক্রবার বিকেলে তোলা l প্রথম আলো

এবার রাজশাহী নগরের লালনশাহ পার্কের দখল নিতে ভেতরে মাটি ফেলা হচ্ছে। কয়েক দিন ধরে মাটি ফেলে জায়গা দখলে নেওয়ার কাজ চললেও বিষয়টি সিটি করপোরেশন জানেই না। এর আগে পার্কের ভেতর গরু-ছাগল রাখার জায়গা করা হয়েছে। এরপর সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে একটি বেড়া দেওয়া হয়। কিন্তু বেড়া দিয়েও রক্ষা হচ্ছে না।

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের সময় নগরের পাঠানপাড়া এলাকায় পদ্মা নদীর ধারে পরিত্যক্ত জায়গাটিতে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন লালনশাহ পার্কটি তৈরি করা হয়। করপোরেশন সূত্রে জানা গেছে, সে সময় এই পার্কে ১ হাজার ১৩২ বর্গমিটার আয়তনের ১টি ওপেন থিয়েটার, ১টি ফুডকোর্ট, ৮২ দশমিক ৮১ বর্গমিটারের ২টি কফিশপ এবং ২ হাজার ৫৫৮ দশমিক ৮৫ বর্গমিটারের ওয়াকওয়ে নির্মাণ করা হয়। ফুডকোর্টের ভেতরে তিন দিকে তিনটি ঘর করা হয়েছে।

২০১৩ সালের ১০ সেপ্টেম্বর তৎকালীন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আনুষ্ঠানিকভাবে এই পার্কের উদ্বোধন করেন। কিন্তু অযত্ন আর অবহেলায় পার্কটি এখন ভাগাড়ে পরিণত হওয়ার জোগাড়। কফিশপের দুই পাশে সৌন্দর্যবর্ধনের জন্য ছোট ছোট যে চৌবাচ্চা করা হয়েছে, তার পানিতে ময়লা-আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে।

গত শুক্রবার বিকেলে লালনশাহ পার্কে গিয়ে দেখা যায়, বেড়া দেওয়া পার্কের ভেতরে যে যার মতো গরু-ছাগল পালনের জায়গা তৈরি করেছেন। এটি আগেও কমবেশি ছিল। কিন্তু এবার তার সঙ্গে যোগ হয়েছে মাটি ফেলে জায়গা ভরাট করা। পাঠানপাড়া মহল্লার ভেতর থেকে সারি ধরে শ্রমিকেরা ডালিভর্তি মাটি নিয়ে পার্কের ভেতরে ঢুকছেন। পার্কের বেড়াঘেঁষে একটি ঘর বানোনোর মতো উঁচু করে মাটি ফেলা হচ্ছে। পাশের একটি গোলচত্বরেও মাটি ফেলা হয়েছে। অথচ এটি দামি টাইলস দিয়ে সুন্দর করে বাঁধানো ছিল। এর পাশে মাটি ফেলে গাঁদা ফুলের কয়েকটি গাছও রোপণ করা হয়েছে। পাঠানপাড়ার এক নারী বসে থেকে মাটি ফেলার কাজ দেখছিলেন। কেন এই মাটি ফেলা হচ্ছে, জানতে চাইলে তিনি বলেন, পাড়ার ছেলেরা বসার জন্য একটা ক্লাবঘর করছেন। জায়গাটা সুন্দর করবেন। তাঁরাই ফুলের গাছ লাগাচ্ছেন।

ভেতরে গিয়ে দেখা যায়, দুজন লোক কোদাল দিয়ে মাটি টেনে সমান করছেন। কারা ঘর করছেন, জানতে চাইলে দুজনই বলেন, তাঁরাই বসার জন্য একটি জায়গা তৈরি করছেন। সিটি করপোরেশনের অনুমতি নিয়েছেন কি না জানতে চাইলে, তাঁরা বলেন, বসার জায়গা করছেন। এর জন্য কী আর অনুমতি নিতে হবে!

পূর্ব দিকে ওয়াকওয়ের পাশের জায়গা ইচ্ছামতো গবাদিপশু পালনের কাজে ব্যবহার করছেন স্থানীয় লোকজন। সেখানে গরু-ছাগল বেঁধে রাখা হচ্ছে। গরু-ছাগল রাখার জন্য ঘরও করা হয়েছে।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, লালনশাহ পার্কের ভেতরে মাটি ফেলার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। কেউ পার্কের ভেতরে কোনো ঘর করতে পারবেন না। তিনি আরও বলেন, পার্কটির রক্ষণাবেক্ষণের ব্যয় রয়েছে। এ জন্যই তাঁরা ইজারা দিতে চেয়েছিলেন। এবার ইজারা দেওয়া হবে।