দগ্ধ রোগীদের মনের ক্ষত সারাতে মানসিক চিকিৎসা জরুরি

ঝালকাঠির সুগন্ধা নদীতে গত বৃহস্পতিবার অভিযান-১০ লঞ্চে আগুন লাগার পর গুরুতর দগ্ধ ৩৬ জন এখন বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকা থেকে চিকিৎসক দল এসে দগ্ধ রোগীদের চিকিৎসা দিচ্ছেন। তবে দুর্ঘটনা তাঁদের মনে যে আতঙ্কের ছাপ ফেলেছে, তা দূর করার জন্য মানসিক চিকিৎসার ব্যবস্থা নেই। এদিকে হাসপাতালে প্রতিনিয়ত খাবার ও অন্যান্য সহায়তা নিয়ে দর্শনার্থীরা ভিড় করেন। এতে সংক্রমণ বেড়ে যাওয়ার ঝুঁকি আছে। এ বিষয়ে প্রথম আলো কথা বলেছে হাসপাতালে দগ্ধ রোগীদের চিকিৎসা ও অন্যান্য বিষয় নিয়মিত পর্যবেক্ষণ করা সচেতন নাগরিক কমিটি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক শাহ সাজেদার সঙ্গে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সচেতন নাগরিক কমিটি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক শাহ সাজেদা

প্রশ্ন :

প্রথম আলো: আপনি তো ঘটনার পর থেকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দগ্ধ রোগীদের ব্যাপারে খোঁজখবর রাখছেন। তাঁদের চিকিৎসায় কোনো ঘাটতি আছে?

শাহ সাজেদা: আমি নিয়মিত খোঁজখবর রাখছি। ঢাকা থেকে সাত সদস্যের যে চিকিৎসক দল এসেছেন, তাঁরা যথাসাধ্য চেষ্টা করছেন দগ্ধ রোগীদের চিকিৎসা দিতে। চিকিৎসক দল, রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে আমরা যত দূর জেনেছি, তাতে দগ্ধ রোগীরা অনেকটাই শঙ্কামুক্ত। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনাও সন্তোষজনক।

প্রশ্ন :

প্রথম আলো: আর কোনো সমস্যা দেখলেন?

শাহ সাজেদা: একটা সমস্যা আছে। এই রোগীদের দেখতে, সহায়তা দিতে প্রতিদিন আত্মীয়স্বজন ও নানা শ্রেণি-পেশার মানুষ এখানে আসেন। এই যে তাঁরা দগ্ধ রোগীদের সংস্পর্শে আসছেন, এটা আমার কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। চিকিৎসকেরাও আমাদের এটা বলেছেন। এতে দগ্ধ রোগীদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা আছে। এটা নিয়ন্ত্রণ করা দরকার।

প্রশ্ন :

প্রথম আলো: এ জন্য কী করা দরকার?

শাহ সাজেদা: মানুষ সহায়তা নিয়ে আসছেন, এটা ইতিবাচক। তবে হাসপাতাল কর্তৃপক্ষের উচিত, দর্শনার্থীরা যাতে দগ্ধ রোগীদের সংস্পর্শে যেতে না পারেন, সেটা দেখা। আর দর্শনার্থীদের আনা সহায়তা একটি নির্দিষ্ট স্থানে রেখে দিয়ে পরে রোগীদের কাছে পৌঁছে দেওয়া।

প্রশ্ন :

প্রথম আলো: রোগীরা বলছেন, তাঁরা দগ্ধ হিসেবে যথাযথ চিকিৎসা পাচ্ছেন। তবে তাঁদের অন্যান্য উপসর্গেরও চিকিৎসা প্রয়োজন। এ ক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ কী?

শাহ সাজেদা: দগ্ধ রোগীরা মানসিকভাবে অনেকটা ট্রমায় আছেন। যে ভয়াবহ ঘটনা থেকে তাঁরা বেঁচে ফিরেছেন, তা নিয়ে তাঁরা মানসিকভাবে বিপর্যস্ত। অনেক দগ্ধ রোগীকে দেখেছি, শরীরের যন্ত্রণায় কাঁদছেন আর নিখোঁজ স্বজনদের জন্য বিলাপ করছেন। আবার কেউ কেউ রাতে ঘুমাতে পারছেন না। ঘুমালেও আঁতকে উঠছেন। গভীর শোক, ভয় থেকে এটা হচ্ছে। এ ভয় তাঁদের মনোজগতে প্রবলভাবে ক্ষত তৈরি করেছে। এ জন্য শারীরিক চিকিৎসার পাশাপাশি এখন তাঁদের মানসিক চিকিৎসাও জরুরি।

প্রশ্ন :

প্রথম আলো: এ ব্যাপারে কী করা যেতে পারে?

শাহ সাজেদা: আমি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। এখানে মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন একজন। তিনি গত বছর অবসরে যাওয়ার পর থেকে মানসিক রোগ বিভাগটি বন্ধ। এরপর বরিশাল বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে দেখেছি, সেখানে মনোবিজ্ঞান বিষয় নেই। তাই এ মুহূর্তে জরুরি হচ্ছে, এই দগ্ধ রোগীদের মানসিক চিকিৎসা দিয়ে ট্রমা থেকে বের হতে সহায়তা করা। ঢাকা থেকে অন্তত দুজন হলেও মানসিক রোগ বিশেষজ্ঞকে এখানে পাঠানো এবং এই রোগীদের চিকিৎসায় নিয়োগ করা।