দগ্ধ সোলাইমানের মৃত্যুর খবর জানেন না চিকিৎসাধীন স্ত্রী-সন্তানেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

পরিবারের সবার আগে গতকাল সোমবার সকালে বিছানা ছেড়েছিলেন সোলাইমান। নিজেই রান্নাঘরে গিয়েছিলেন ফজরের নামাজের অজুর জন্য পানি গরম করতে। সেখানে সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের আগুনে তিনি দগ্ধ হন। সঙ্গে দগ্ধ হয়েছেন তাঁর স্ত্রী–সন্তানেরা।

হাসপাতালে নেওয়া হলে গতকাল রাতেই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যু হয় সোলাইমানের। আজ মঙ্গলবার সকালে তাঁর দাফন হয়। তবে এসব কিছুই জানেন না একই হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন তাঁর স্ত্রী–সন্তানেরা। হাসপাতালের বিছানায় শুয়ে তাঁরা সোলাইমানের সুস্থ হয়ে উঠার অপেক্ষা করছেন।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের কুমারপাড়া গ্রামের বাসিন্দা সোলাইমান। মা–বাবার মৃত্যুর পর দুই সন্তান মুশফিকুর রহমান, মাহমুদুল হাসান ও স্ত্রী রীমা আক্তারকে নিয়ে তাঁর সংসার। রূপগঞ্জের গাউসিয়া মার্কেটে কাপড় বিক্রি করে বাড়িতে একতলা পাকা ভবন করেছিলেন। গতকালের আগুনে সোলাইমানের সেই বাড়িও পুড়ে গেছে।

রীমা আক্তারের ভাই মো. দর্পণ প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে নয়টার দিকে সোলাইমানের মৃত্যু হয়। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে সোলাইমানের স্ত্রী ও দুই সন্তানকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়নি। তাঁরা শঙ্কামুক্ত। আজ বেলা ১১টার দিকে সোলাইমানের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে সোলাইমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শ্বাসনালিসহ সোলাইমানের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান তিনি।

সোলাইমানের ভাবি হাওয়া বেগম বলেন, গতকাল ভোরে বিকট শব্দ ও চিৎকারে তাঁদের ঘুম ভাঙে। সোলাইমানের ঘরে গিয়ে দেখা যায়, পরিবারের সবাই দগ্ধ হয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। পরে বাড়ির অন্য সবার সহায়তায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।