দম্পতির বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর তথ্য, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ২
পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষক দম্পতির বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর তথ্য প্রকাশ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের অপূর্ব মাহমুদ চৌকিদার ওরফে রুবেল চৌধুরী ও উপজেলার লালুয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সাগর। তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম।
ওই শিক্ষক দম্পতির মধ্যে শাহ আলম কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক। তাঁর স্ত্রী উপজেলার চম্পাপুর ইউনিয়নের এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চারচিয়াস কলি। এই দম্পতির অভিযোগ, ফেসবুকে তাঁদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ, অশালীন ও আপত্তিকর তথ্য প্রকাশ করেছেন গ্রেপ্তার ওই দুই যুবক ও তাঁদের সহযোগীরা। এ ঘটনায় শাহ আলম কলাপাড়া থানায় গতকাল সোমবার ডিজিটাল নিরাপত্তা আইনে অপূর্ব মাহমুদ, মহিউদ্দিন ও অজ্ঞাত ১০–১২ জনের বিরুদ্ধে মামলা করেন।
কলেজ শিক্ষক শাহ আলমের করা মামলায় অপূর্ব মাহমুদকে সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে এবং মহিউদ্দিন সাগরকে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের কলাউপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কলাপাড়া থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, অপূর্ব মাহমুদ চৌকিদার এলাকায় একজন মাদকসেবী ও বখাটে যুবক হিসেবে পরিচিত। তাঁর বসতবাড়ি ও শাহ আলমের স্ত্রী চারচিয়াস কলির কর্মস্থল পাশাপাশি অবস্থিত। অপূর্ব মাহমুদ দীর্ঘদিন ধরে ধানখালী ইউনিয়নের এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিপথগামী করার চেষ্টা চালিয়ে আসছিলেন। এসব কর্মকাণ্ডের বিরোধিতা করায় অপূর্ব মাহমুদ চারচিয়াস কলির ওপর ক্ষিপ্ত হন এবং তাঁর পরিবারের ক্ষতি করার প্রচেষ্টায় লিপ্ত হন। সহযোগী মহিউদ্দিনকে নিয়ে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে শাহ আলম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মানহানিকর, আপত্তিকর, আক্রমণাত্মক, মিথ্যা ও ভীতি প্রদর্শনমূলক তথ্য প্রচার করে আসছিলেন অপূর্ব মাহমুদ।
স্থানীয় লোকজন জানান, অপূর্ব মাহমুদ উপজেলার চম্পাপুর ইউনিয়নে একজন মাদকসেবী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। তিনি একাধিক বিয়ে করেছেন। তাঁর সহযোগী মহিউদ্দিনও মাদকাসক্ত। তিনিও নানা ধরনের সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত। চার-পাঁচ দিন আগে মহিউদ্দিন মদ্য পান করে এলাকায় ভীতিকর পরিবেশের সৃষ্টি করেছিলেন। এরপর খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। পরে মুচলেকা দিয়ে ছাড়া পান।
খোঁজ নিয়ে জানা যায়, অপূর্ব মাহমুদের অপরাধমূলক কর্মকাণ্ডের হাত থেকে প্রতিকার পাওয়ার জন্য চম্পাপুর ইউনিয়নের এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম এরফান ২০২১ সালের ১২ অক্টোবর ও গত ১৭ মে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন। ১১ মে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের প্রভাষক শাহ আলমও তাঁর বিরুদ্ধে কলাপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শাহ আলম বলেন, ‘অপূর্ব মাহমুদ চৌকিদার সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে ও আমার পরিবার সম্পর্কে এমন সব আপত্তিকর তথ্য প্রকাশ করেছে, যা তুলে ধরা সম্ভব নয়। কুরুচিপূর্ণ ও অশালীন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হওয়ার কারণে আমার ৭৫ বছর বয়সী মা, আমার বিশ্ববিদ্যালয়পড়ুয়া সন্তান এবং এসএসসি পরীক্ষার্থী মেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে আমার পরিবারসহ সন্তানেরা সামাজিক অঙ্গনে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম প্রথম আলোকে বলেন, কলেজশিক্ষক ও তাঁর স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর তথ্য প্রকাশ করায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজন সহযোগীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।