দর্শক মাতাল ময়না ও ভল্লুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলায় নাট্য উৎ​সবে প্রদর্শিত ময়না নাটকের দৃশ্য
শিল্পকলায় নাট্য উৎ​সবে প্রদর্শিত ময়না নাটকের দৃশ্য

নেশার টাকা জোগাড় করতে গিয়ে নিজের একমাত্র শিশুসন্তানকে ২০ হাজার টাকার বিনিময়ে দালালের কাছে বিক্রি করে দেয় ময়নার স্বামী সৈয়দ বংশের ছেলে সৈয়দ। ময়নাকেও তালাক দিয়ে অন্যের বউ নিয়ে পালিয়ে যায়। একমাত্র ছেলের খোঁজে ময়না যখন পাগলপ্রায়, তখন সমাজের কর্তা-ব্যক্তিরা ময়নার ওপর নানা অপবাদ চাপিয়ে দেয়। এমন কাহিনি নিয়েই এগোয় সমীকরণ থিয়েটারের নাটক ময়না।
শিল্পকলা একাডেমী আয়োজিত ১৬ দিনব্যাপী নাট্য উৎসবের দ্বিতীয় দিন ১৮ অক্টোবর শিল্পকলার মঞ্চে এই নাটকের মঞ্চায়ন হয়। নির্দেশনায় ছিলেন আলোক মাহমুদ। নাটকে ময়না চরিত্রে নাসরিন আক্তার, জলিল চরিত্রে বিপ্লব ভট্টাচার্য ও সৈয়দ চরিত্রে আলোক মাহমুদের অভিনয় দর্শকের মন জয় করেছে।
রুশ লেখক ও নাট্যকার আন্তন চেখভের রচনা অবলম্বনে নির্মিত হয়েছে লোক থিয়েটারের ভল্লুক নাটকটি। ২০ অক্টোবর উৎসবের চতুর্থ দিন মনসুর মাসুদের নির্দেশনায় মঞ্চায়ন হয় নাটকটির।
ভল্লুক মূলত একটি প্রেমেরই গল্প। নাটকে দেখা যায় সদ্য স্বামী হারানো পোপোভার জীবনে মূর্তিমান উৎপাত হিসেবে আবিভূর্ত হয় স্মিরনোভ নামের এক ব্যক্তি। পোপোভার স্বামী নিকোলাস টাকা ধার করেছিলেন স্মিরনোভের কাছ থেকে। ধারের টাকা চাইতে এসে হুলুস্থুল বাঁধিয়ে বসে স্মিরনোভ। এমন কাণ্ড দেখে পোপোভা তাঁর নাম দেন ভল্লুক। পোপোভার সাহসিকতা দেখে শেষে প্রেমেই পড়ে যায় ভল্লুক নামধারী স্মিরনোভ।
নাটকে পোপোভা চরিত্রে রেহেনা বেগম, স্মিরনোভ রচিত্রে মনসুর মাসুদ অভিনয় করেন।
উৎসবের সপ্তম দিন ২৩ অক্টোবর অঙ্গন থিয়েটার ইউনিট মঞ্চস্থ করে জুতা আবিষ্কার ও বর্ণ বিপর্যয় নাটক দুটির অংশ বিশেষ। ২৪ অক্টোবর উত্তরাধিকার নাট্যদল মৃত্যুপাখি ও গতকাল ২৫ অক্টোবর গণায়ন নাট্য সম্প্রদায় মঞ্চস্থ করে নাটক মুক্তধারা। আজ মঞ্চস্থ হবে নান্দিকারের নাটক কোর্ট মার্শাল। নাটকের পাশাপাশি প্রতিদিন অনিরুদ্ধ মুক্তমঞ্চে পথনাটক, নাচ, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।