দর্শনা বন্দর দিয়ে আজ এসেছেন ১৩৩ জন, দুজনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে বুধবার ১৩৩ জন বাংলাদেশি প্রবেশ করেছেন। বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য কাস্টমস হাউজের সামনে অপেক্ষমান ভারতফেরত বাংলাদেশিরা
প্রথম আলো

চুয়াডাঙ্গার দর্শনা বন্দর দিয়ে আজ বুধবার সারা দিনে ভারত থেকে ৪৫ জন নারীসহ ১৩৩ জন বাংলাদেশি প্রবেশ করেছেন। তাঁদের মধ্যে দুজন পুরুষ অ্যান্টিজেন পরীক্ষায় করোনা পজিটিভ বলে শনাক্ত হয়েছেন। ওই দুজনকে চুয়াডাঙ্গায় করোনা ডেডিকেটেড হাসপাতালের রেড জোনে আইসোলেশনে রাখা হয়েছে।

করোনায় আক্রান্ত এই দুজন ভারতফেরত ব্যক্তির মধ্যে একজনের সঙ্গে আসা তাঁর ছেলেকে বাবার সেবা করার জন্য হাসপাতালে থাকার সুযোগ দেওয়া হয়েছে।

দর্শনা স্থলবন্দর দিয়ে প্রবেশ করা দুজনকে করোনা পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। করোনা আক্রান্ত ওই দুজনকে অ্যাম্বুলেন্সে করে চুয়াডাঙ্গায় করোনা ডেডিকেটেড হাসপাতালের নেওয়া হচ্ছে
প্রথম আলো

ভারত থেকে আসা বাকি ১৩০ জনকে চুয়াডাঙ্গার ভিমরুল্লাহ এলাকায় অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ডরমিটরি, জাফরপুরের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ডরমিটরি এবং শহরের ভিআইপি আবাসিক হোটেলে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

এই নিয়ে গত তিন দিনে ভারত থেকে মোট ২১৬ জন দর্শনা বন্দর হয়ে প্রবেশ করলেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার জানান, আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিরা নিজ খরচে আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে থাকছেন। যাঁদের আর্থিক সক্ষমতা তুলনামূলক কম, তাঁদের নিখরচায় থাকার সুযোগ দিতে সরকারি দুটি প্রতিষ্ঠানের ডরমিটরি নির্বাচন করা হয়েছে।