দর্শনার্থীদের অনুরোধেও গান করছেন বাউলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর মঙ্গলবার শুরু হওয়া লালন স্মরণোৎসবের দ্বিতীয় দিনে গানে গানে মুখরিত আখড়াবাড়ি। আজ কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায়
ছবি: প্রথম আলো

আখড়াবাড়ির চত্বরজুড়ে সারা দেশ থেকে আসা বাউল, ফকির ও সাধুরা ছোট ছোট আসর বসিয়েছেন। তাঁদের গান শুনতে ভিড় করছেন সাধারণ দর্শনার্থীরা। দর্শনার্থীদের অনুরোধেও গান করছেন বাউলেরা। তবে এবার জেলা প্রশাসনের আয়োজন দুই দিন আগে শুরু হওয়ায় প্রকৃত সাধুসঙ্গ শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে। দুই দিন বাউলগান আর তত্ত্ব আলোচনায় পার করেছেন সাধুরা। রেওয়াজ না ভেঙে বৃহস্পতিবার বিকেলে দোলপূর্ণিমায় শুরু হবে ‘অধিবাস’। শুক্রবার শেষ হবে অষ্টপ্রহর।

লালন একাডেমি ও জেলা প্রশাসনের আয়োজনে লালন স্মরণোৎসবের দ্বিতীয় দিনে লালনের ভক্ত-অনুসারী ও দর্শনার্থীর ভিড় বেড়েছে। বিকেলের পর আখড়াবাড়িতে লোকসমাগম বেশি হয়। রাতে পা ফেলার জায়গা থাকে না।

আজ বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ছোট ছোট আস্তানা গেড়েছেন সাধুরা। ফকির হৃদয় শাহকে ঘিরে রেখেছেন তাঁর ভক্তরা। চারপাশে দর্শনার্থী দাঁড়িয়ে। দোতারা আর একতারার সুরে তিনি গান করছেন। তাঁর সঙ্গে কণ্ঠ মেলাচ্ছেন ভক্ত ও দর্শনার্থীরা। তাঁরা হারিয়ে যাচ্ছেন বাউল গানে।

বাউলদের অভিমত, সবার মনে যদি মানবতাবোধ জাগ্রত হয়, তাহলে পৃথিবীতে রেষারেষি ও হানাহানি রোধ করা সম্ভব। ফকির ফজল শাহ প্রথম আলোকে বলেন, সাঁইজির অমর বাণী তাঁর হৃদয়ে গেঁথে আছে। এ কারণেই তিনি আখড়াবাড়িতে এসেছেন। সবার সঙ্গে দেখা করে আত্মারœমিলন ঘটে। শুদ্ধ মানুষ হতে আত্মসংস্কার প্রয়োজন জানিয়ে ফকির নহির শাহ বলেন, ‘এই মানুষে আছে রে মন, যারে বলে মানুষ রতন।’

চলতি বছর দোলপূর্ণিমা ও শবে বরাত কাছাকাছি সময়ে হওয়ায় জেলা প্রশাসন পূর্ণিমা তিথির দুই দিন আগে তিন দিনের লালন স্মরণোৎসবের আয়োজন শুরু করে। এ নিয়ে সাধুদের মনে অসন্তোষ থাকলেও তাঁরা তাদের মতো দিন পার করছেন। হিসাব অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার পূর্ণিমা। ২০০ বছরের রেওয়াজ ধরে কাল ‘অধিবাস’ শুরু হবে। পরের দিন থাকবে বাল্যসেবা। দুপুরে পূর্ণসেবার মধ্য দিয়ে অষ্টপ্রহরের সাধুসঙ্গ শেষ হবে।

আখড়াবাড়ির বাইরেও কালী নদীর পাড়ে লালন মেলায় সব বয়সী নারী–পুরুষের ভিড় বেড়েছে। কেনাকাটা আর রাতে গান শুনে ঘেরা ফেরেন ভক্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার পরে মূল মঞ্চে গান করেন শিল্পী ফরিদা পারভীন ও টুনটুন বাউল।