দল মুখ ফিরিয়ে নিলেও ভোটাররা টেনেছেন বুকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবনির্বাচিত চেয়ারম্যান শামসুল আলম
ছবি : সংগৃহীত

রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে নৌকার মাঝি হন শামসুল আলম। কিন্তু চার দিন পরই আওয়ামী লীগ তাদের প্রার্থী পরিবর্তন করে। মনোনয়ন দেওয়া হয় আরেকজনকে। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন শামসুল। স্থানীয় লোকজন তাঁকে হতাশ করেননি। শেষমেশ চেয়ারম্যান পদে তিনি জয়ী হয়েছেন।

২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ওই ইউপির নির্বাচন হয়। দলীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ইউপির বর্তমান চেয়ারম্যান হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজার রহমান। এবার দল তাঁকে মনোনয়ন না দেওয়ায় তিনি নির্বাচন করেননি। ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শামসুল আলমকে প্রার্থী করা হয়। কিন্তু এর চার দিন পরেই শামসুলকে বাদ দিয়ে নৌকা প্রতীক দেওয়া হয় ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমানকে। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়।

শামসুল বলেন, দল তাঁর বদলে অন্য আরেকজনকে মনোনয়ন দিলে তাঁর ভোটার-সমর্থকেরা উৎসাহ হারান। তিনিও কিছুটা ভেঙে পড়েন। কিন্তু হাল ছাড়েননি। ভোটার–সমর্থকদের উৎসাহে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করেন

তিনি বলেন, ‘জনগণের ভালোবাসা পেয়ে মুগ্ধ হয়েছি। এর প্রতিদান দেওয়ার চেষ্টা করব। তবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারলে আমার কোনো প্রতিদ্বন্দ্বী থাকত না।’

নির্বাচন কমিশনের ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, শামসুল ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ৫৯২। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোস্তাফিজার রহমান নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ৮৭৩।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, গোপালপুর ইউপিতে শামসুল আলম দলীয় মনোনয়ন পাওয়ায় কিছু নেতা-কর্মী তাঁর বিরোধিতা করেন। এ কারণে চার দিন পরে দলীয় সিদ্ধান্তে শামসুলের পরিবর্তে মোস্তাফিজারকে প্রার্থী ঘোষণা করা হয়। মোস্তাফিজার ছিলেন নির্বাচনে নতুন মুখ। পরাজিত হলেও তিনি অনেক ভোট পেয়েছেন।