দলবদ্ধ ধর্ষণ মামলার আরেক আসামি ধরা পড়েননি
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশনে স্বামীকে মারধর করে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার দুই আসামির জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পুলিশি হেফাজতে তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। এ ছাড়া মামলার পলাতক আসামি ওপেনারকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এর আগে গতকাল সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে তাঁদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
নির্যাতনের শিকার ওই নারী ও তাঁর স্বামীর দেওয়া তথ্য অনুযায়ী, মামলার মূল অভিযুক্ত তিনজন। তাঁদের মধ্যে গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার টেনগড়পাড়া এলাকার মৃত শাহ আলমের ছেলে মো. রাজিব (৩০) ও চামড়াবো বাজার এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. রিফাত হোসেন ওরফে জাফর (২০)। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে অপর অভিযুক্ত মামলার পলাতক আসামি ওপেনার (৩০) তিন দিনেও ধরা পড়েননি। পুলিশের ভাষ্য, এটি তাঁর মূল নাম নয়। স্থানীয় লোকজন তাঁকে এ নামে ডাকেন। তিনি রাজিব ও রিফাতের ঘনিষ্ঠ বন্ধু। তাঁকে গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
তদন্ত কর্মকর্তা বলেন, দুই অভিযুক্তকে নরসিংদীতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ দুপুরে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ধর্ষণের সঙ্গে আর কোনো বিষয়ের যোগসূত্র আছে কি না, সেটাও বিবেচনায় রাখা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা অভিযোগ স্বীকার করেছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে এর উত্তর দেওয়া যাবে। আপাতত এর বেশি কিছু বলার সুযোগ নেই।
পুলিশ সূত্র জানায়, নির্যাতনের শিকার ওই নারীকে আজ মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাঁর বয়স পরীক্ষা হবে। এর আগের দিন নরসিংদী হাসপাতালে তাঁর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। একই সঙ্গে ২২ ধারায় জবানবন্দিও রেকর্ড করা হয়। এদিকে ঘটনার পর থেকে এখন পর্যন্ত নির্যাতনের শিকার ওই নারী পুলিশি হেফাজতে আছেন। সঙ্গে আছেন তাঁর স্বামী।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস বলেন, বয়স পরীক্ষা হয়ে গেলে নির্যাতনের শিকার ওই নারীকে পুলিশি হেফাজত থেকে ছেড়ে দেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশনটি সরব নয়। ২৪ ঘণ্টায় মাত্র কয়েকটি লোকাল ট্রেন সেখানে বিরতি নেয়। স্টেশনমাস্টারের পদ নেই। একজন বুকিং সহকারীর মাধ্যমে স্টেশনের কার্যক্রম পরিচালনা করা হয়। এ জন্য প্ল্যাটফর্মের ভেতর ও বাইরে লোকজনের চলাচলও কম। এ সুযোগে অপরাধীরা চুরি–ছিনতাইয়ের পাশাপাশি নারীর শ্লীলতাহানির ঘটনা ঘটালেও তা মানুষের নজরে আসে না।
গত শনিবার ছুটির দিনে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে স্ত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হন অভিযোগে মামলা হয়েছে।