দলীয় কার্যালয় নির্মাণে কাবিখার চাল বরাদ্দ!
প্রকল্পের নাম ‘বঙ্গবন্ধু পরিষদের মাঠে মাটি ভরাট ও সোলার প্যানেল স্থাপন’। এই কাজে ২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচি থেকে। কিন্তু বাস্তবে এই সংগঠন কিংবা মাঠের অস্তিত্ব নেই। কাজ হচ্ছে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় নির্মাণের।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সদর ইউপির মান্নানঘাট বাজারে ওই কার্যালয় নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন ওই বরাদ্দ দিয়েছেন।
জানতে চাইলে সাংসদ মোয়াজ্জেম প্রথম আলোকেবলেন, ‘২০ টন চাল কোনো বিষয় না। ওই কার্যালয় নির্মাণে এ পর্যন্ত ১৩ লাখ টাকা ব্যয় হয়েছে। আমি নিজে কাজের বিষয়ে খোঁজ রাখছি।’ দলীয় কার্যালয় নির্মাণে কাবিখার বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা যেমন আওয়ামী লীগের কার্যালয়, তেমনি বঙ্গবন্ধু পরিষদেরও।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে ‘মান্নানঘাট বঙ্গবন্ধু পরিষদের মাঠে মাটি ভরাট সোলার প্যানেল স্থাপন’ প্রকল্পে ২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। সুনামগঞ্জ-১ আসনের (জামালগঞ্জ-তাহিরপুর-ধরমপাশা) আওয়ামী লীগ দলীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন এই বরাদ্দ দিয়েছেন।
পিআইও মোহাম্মদ সাহাদাৎ হোসেন ভূঞা বলেন, ‘প্রকল্পে বঙ্গবন্ধু পরিষদের মাঠে মাটি ভরাটের কথা উল্লেখ থাকলেও বাস্তবে সেখানে কোনো মাঠ নেই। তবে, বাজারের এক স্থানে কিছু মাটি ফেলে একটি পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। আমাদের বলা হয়েছে, এটিই বঙ্গবন্ধু পরিষদের কার্যালয়। আমরা প্রকল্পের কাজ ঠিকমতো করতে সভাপতিকে চিঠি দিয়েছি।’
>সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) মান্নানঘাট বাজারে ওই কার্যালয় নির্মাণ করা হচ্ছে
গত বুধবার সরেজমিনে মান্নানঘাট বাজারে গিয়ে বঙ্গবন্ধু পরিষদের কাউকে পাওয়া যায়নি। বাজারের লোকজনও ওই সংগঠনের কার্যালয়ের খোঁজ দিতে পারেননি। তবে তাঁরা জানান, বাজারে জামালগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় নির্মাণের কাজ চলছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ৩০ থেকে ৩৫ হাত লম্বা একটি আধা পাকা ঘর তোলা হয়েছে। ওপরে এখনো ছাউনি দেওয়া হয়নি; লাগানো হয়নি দরজা-জানালা। ঘরের সামনে পাঁচ-ছয় হাত জায়গা আছে। কোনো মাঠ নেই।
বাজারের পাশের কাশিপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ তোতা মিয়া বলেন, এখানে বঙ্গবন্ধু পরিষদ নামে কোনো সংগঠন নেই। ওই স্থানে আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করা হচ্ছে। তিনি নিশ্চিত করেন, ২০ টন চাল ওই কার্যালয় নির্মাণের কাজে লাগানো হচ্ছে। ওয়ার্ড আওয়ামী লীগের কয়েকজন নেতা কার্যালয় নির্মাণের কাজ করছেন।
প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি জামালগঞ্জ ইউপির ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য শারমিন সুলতানা। তিনি জানান, একজন ইউপি সদস্যকে প্রকল্পের সভাপতি হতে হয়। তাই স্থানীয় বাসিন্দা হিসেবে সাংসদ তাঁকে প্রকল্পের সভাপতি করেছেন। তিনি আরও বলেন, ‘সভাপতি হিসেবে শুধু আমার নাম আছে। কাজ করাচ্ছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। আমি নিজেও আওয়ামী লীগ করি। কাজে কোনো অনিয়ম হয়নি। ভালো কাজ হচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টিটন খীসা বলেন, ‘সাংসদ এখানে বিশেষ বরাদ্দ হিসেবে ২০ মেট্রিক টন চাল দিয়েছেন। এতে আমাদের করার কিছু নেই। আমরা দেখব কাজে কোনো অনিয়ম হচ্ছে কি না। এখন পর্যন্ত সে রকম কোনো কিছু পাইনি।’ দলীয় কার্যালয় নির্মাণে কাবিখার বরাদ্দ দেওয়া যায় কি না এ প্রশ্নে ইউএনও বলেন, ‘সাংসদ নিজের বিশেষ বরাদ্দ থেকে এটা দিয়েছেন। আমরা কোনো বরাদ্দ দিইনি।’