দলীয় কোন্দল: কক্সবাজারের সাংসদ ও জেলা আ.লীগ নেতাদের ডেকেছে কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের লোগো

কক্সবাজার-১ আসনের সাংসদ জাফর আলম এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ডেকেছে কেন্দ্র। আগামীকাল রোববার বেলা তিনটায় কেন্দ্রীয় আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বে থেকে নেতারা দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসবেন।

চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি জাহেদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন। তাঁকে ওই বৈঠকে ডাকা হয়েছে। জাহেদুলকে মঙ্গলবার দলীয় পদ থেকে অব্যাহতি দেয় জেলা আওয়ামী লীগ। জাহেদুল প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয় আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম ফোন দিয়েছেন। রোববার বেলা তিনটায় আমাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত থাকতে বলেছেন। বৈঠকে সাংসদ জাফর আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককেও ডাকা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুই পক্ষের সঙ্গে বৈঠক করবে বিভাগীয় দল।’

অব্যাহতি দিতে যেসব প্রক্রিয়া দরকার, তার কোনোটিই মানা হয়নি। ঈর্ষান্বিত হয়ে জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক অগঠনতান্ত্রিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।
সাংসদ জাফর আলম

দলীয় নেতা-কর্মীদের কয়েকজন বলেন, গত বৃহস্পতিবার কক্সবাজার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সাংসদ জাফর আলমকে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সরওয়ার আলমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এরপর সাংসদের অনুসারী দলীয় নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে সড়ক-মহাসড়ক অবরোধ করেন।

সাংসদ জাফর আলম দাবি করেন, তাঁকে অব্যাহতি দিতে যেসব প্রক্রিয়া দরকার, তার কোনোটিই মানা হয়নি। ঈর্ষান্বিত হয়ে জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক অগঠনতান্ত্রিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।

তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সাংসদকে অব্যাহতি দেওয়া হয়।

দলীয় সূত্রের ভাষ্য, গত মঙ্গলবার বিকেলে সাংসদের অনুসারী চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলামকে অব্যাহতি দেয় জেলা আওয়ামী লীগ। সাংসদের অনুসারীরা মনে করেন, জাহেদুলকে অব্যাহতি দিতে মুখ্য ভূমিকা পালন করেছেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ও চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী। মঙ্গলবার রাতে একজনের জানাজা থেকে ফেরার পথে চকরিয়া পৌরসভার চিংড়ি চত্বর এলাকায় সাংসদের গাড়ির গতিরোধ করে স্লোগান দেন কিছু যুবক। সাংসদ ‘তোমরা কারা’ জানতে চেয়ে একটি প্লাস্টিকের লাঠি হাতে গাড়ি থেকে নেমে এক যুবককে পেঠান। তখন অন্যরা পালিয়ে যান। এই যুবকদের আশপাশে ছিলেন মেয়র আলমগীর ও আতিক উদ্দিন চৌধুরী। সাংসদের গাড়ি থেকে জাহেদুল ও যুবলীগের নেতা হাসানুল ইসলাম নেমে মেয়র আলমগীর ও আতিককে লাঞ্ছিত করা হয়।

একজন সাংসদের মুখের ভাষা এত জঘন্য হওয়ার কথা নয়। আমরা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিযোগ জানিয়েছি।
মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

এ ঘটনায় মেয়র আলমগীর সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ করেন, সাংসদের নেতৃত্বে তাঁদের ওপর হামলা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে জেলা আওয়ামী লীগ বৃহস্পতিবার কার্যনির্বাহী কমিটির সভা ডেকে সাংসদকে অব্যাহতি দেন।
সাংসদকে অব্যাহতির খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিভিন্ন সড়ক-মহাসড়ক অবরোধ করেন নেতা-কর্মীরা। বিক্ষুব্ধ নেতা-কর্মীদের শান্ত করতে চকরিয়া থানার রাস্তার মাথা এলাকায় উপস্থিত হয়ে বক্তব্য দেন সাংসদ। এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, সাংসদ জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদককে ‘মদখোর’ বলেছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, ‘একজন সাংসদের মুখের ভাষা এত জঘন্য হওয়ার কথা নয়। আমরা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিযোগ জানিয়েছি। রোববার কেন্দ্রীয় আওয়ামী লীগ আমাদের ডেকেছে। আমরা যাব।’