দলীয় তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, স্বতন্ত্র প্রার্থীরটি বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশন

মনোনয়ন ফরমের সঙ্গে স্ট্যাম্প ও ১ শতাংশ ভোটারের সই না থাকায় কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সালেহ সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার ওই মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।

তবে দলীয় তিন প্রার্থী আওয়ামী লীগের প্রাণ গোপাল দত্ত, জাতীয় পার্টির মো. লুত্ফুর রেজা ও ন্যাপের মনিরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এ বিষয়ে মুঠোফোনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা সালেহ সিদ্দিকী বলেন, ‘আমি প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করব।’

এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, স্বতন্ত্র প্রার্থী সালেহ সিদ্দিকী ২০০ টাকার স্ট্যাম্প মনোনয়ন ফরমের সঙ্গে যুক্ত করেনি। এ ছাড়া ১ শতাংশ ভোটারের সই লাগে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে। এই ক্ষেত্রে তিনি মাত্র ১৪ জনের সই জমা দেন।

গত ৩০ জুলাই কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামী লীগের সাংসদ মো. আলী আশরাফ মারা যান। শূন্য ওই আসনে আগামী ৭ অক্টোবর ইভিএমে ভোট হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ সেপ্টেম্বর। এ আসনে ভোটার ২ লাখ ৭৪ হাজার ৫৪ জন। ৮৩টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।