হাওরের ফসল রক্ষা বাঁধ পুনর্নির্মাণ ও মেরামতকাজের জন্য সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় প্রাক্কলন তৈরি ও প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন এখনো শেষ হয়নি। অথচ এই কাজ শেষ করার নির্ধারিত সময়ের এক মাস পেরিয়ে গেছে। এই উপজেলার আটটি হাওরের বোরো ফসল রক্ষা বাঁধে ১৭০টি প্রকল্প নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মাত্র একটিতে কাজ শুরু হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দাবি, হাওর থেকে এবার দেরিতে পানি নেমেছে। আর এ জন্য বাঁধের সব কাজ কিছুটা পিছিয়েছে। তবে সময়মতো বাঁধের কাজ শুরু না হওয়ায় হাওরের ফসল রক্ষা নিয়ে শঙ্কায় রয়েছেন এখানকার কৃষকেরা।
উপজেলা প্রশাসন, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এ উপজেলার চন্দ্র সোনার থাল, সোনামড়ল, ধানকুনিয়া, জয়ধনা, ঘোড়াডোবা, কাইলানী, গুরমা ও গুরমার বর্ধিতাংশ—এই আট হাওর সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের অধীনে রয়েছে। নীতিমালা অনুযায়ী, গত ৩০ নভেম্বরের মধ্যে বাঁধের কাজের জন্য জরিপ, প্রাক্কলন তৈরি ও পিআইসি গঠন করার কথা ছিল। আর ১৫ ডিসেম্বরের মধ্যে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করে তা আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা রয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ২৪ নভেম্বর থেকে হাওরে বাঁধের জরিপ কাজ শুরু করে তা শেষ করেছে গত ১৭ ডিসেম্বর। এ উপজেলার আটটি হাওরের ফসল রক্ষা বাঁধে সম্ভাব্য ১৭০টি প্রকল্প কাজ বাস্তবায়ন কাজ করা হবে। প্রতিটি প্রকল্পের বিপরীতে একটি করে পিআইসি গঠন করা হবে। এ উপজেলায় আজ রোববার পর্যন্ত মাত্র একটি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।
১৬ ডিসেম্বর উপজেলার ধানকুনিয়া হাওরের নূরপুর ফসল রক্ষা বাঁধে মাটি ফেলার মধ্য দিয়ে এ উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ উদ্বোধন করা হয়েছে। এরপর পিআইসি গঠন ও প্রাক্কলন তৈরির কাজ শেষ না হওয়ার অজুহাতে থেমে আছে ফসল রক্ষা বাঁধের কাজ।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, পিআইসি গঠন করা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী গড়িমসি করছেন। তাঁরা পছন্দসই লোকজনের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে তাঁদের পিআইসিতে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর ভাষ্য, আর্থিক সুবিধা নিয়ে দলের কোনো নেতা-কর্মী পিআইসি কমিটিতে নিজেদের পছন্দসই লোকজনকে অন্তর্ভুক্ত করার জন্য কোনো রকম চেষ্টা বা তদবির করছেন না। এগুলো অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফরহাদ আহমেদ বলেন, সপ্তাহ দেড়েক আগে থেকেই এ উপজেলায় ফসল রক্ষা বাঁধে কাজ করার জন্য উপযুক্ত পরিবেশ বিরাজ করছে। উপজেলার ১৭০টি প্রকল্পের মধ্যে কাজ শুরু হয়েছে মাত্র একটিতে। নির্ধারিত সময়ের এক মাস পেরিয়ে গেলেও এখনো বাঁধের কাজের জন্য প্রাক্কলন তৈরি ও পিআইসি গঠন শেষ না হওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক। যথাসময়ে বাঁধের কাজ শুরু না করায় বাঁধের কাজ শেষও হবে দেরিতে। এতে আগাম বন্যায় বোরো ফসলহানির আশঙ্কা রয়েছে। উপজেলাবাসী ফসলহানির দৃশ্য এখানকার কৃষকেরা আর দেখতে চান না। দ্রুত বাঁধের সবগুলো প্রকল্প কাজ শুরু করে তা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার দাবি জানান তিনি।
হাওর বাঁচাও আন্দোলনের ধরমপাশা উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন বলেন, নানা কারণ দেখিয়ে প্রতিবছরই ফসল রক্ষা বাঁধের কাজ সময়মতো শুরু ও শেষ করা হয় না। ফসলডুবির ঘটনা এড়াতে হলে পানি উন্নয়ন বোর্ডের আওতায় থাকা সবগুলো বাঁধের প্রকল্প কাজ দ্রুত শুরু করে তা নির্ধারিত সময়ে শেষ করতে হবে। না হলে আগাম বন্যায় ফসলহানির আশঙ্কা রয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী এবং উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটির সদস্যসচিব মো. ইমরান হোসেন বলেন, হাওর থেকে অন্যান্য বছরের তুলনায় এবার পানি দেরিতে নেমেছে। এ উপজেলায় এবার সম্ভাব্য ১৭০টি পিআইসি গঠন করা হবে। এর মধ্যে একটি পিআইসি গঠন করে একটি প্রকল্পে কাজ শুরু করা হয়েছে। প্রাক্কলন তৈরি ও পিআইসি গঠন করার কাজ আগামী এক সপ্তাহের মধ্যে শেষ করে এ উপজেলার আটটি হাওরের ফসল রক্ষা বাঁধের সব কটি প্রকল্পে পুরোদমে কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান প্রথম আলোকে বলেন, এই উপজেলা হাওরবেষ্টিত। এখানকার মানুষ হাওরের একমাত্র বোরো ফসলের ওপর নির্ভরশীল। কারও প্রভাব বা চাপে পড়ে কোনো কিছু করা হবে না। সরকারি নীতিমালা মেনে বাঁধের সব কাজ করা হবে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের যাবতীয় কাজ শেষ করার জন্য সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে।