আ.লীগের প্রার্থী বাছাই
দলীয় পদে নেই বাবলু, শাহাদাতকে নিয়ে প্রশ্ন
রাজশাহীর মোহনপুর ও পবা উপজেলার দুই ইউপিতে মনোনয়ন পেয়েছেন বাবলু ও শাহাদাত। দুজনেরই বাবা গত নির্বাচনে ‘বিদ্রোহী’ ছিলেন।
মোহনপুরের রায়ঘাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন বাবলু হোসেন।
শাহাদাত হোসেন মনোনয়ন পেয়েছেন পবা উপজেলার বড়গাছি ইউনিয়নে।
আগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাঁরা আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছিলেন, এবার তাঁদের নাম কেন্দ্রে না পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। নেতারা এই নির্দেশনা মেনেছেন। বিদ্রোহীর নাম পাঠাননি ঠিকই, তবে পাঠিয়েছেন তাঁদের ছেলেদের নাম।
এবার রাজশাহীর মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতবারের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমানের ছেলে বাবলু হোসেন ও পবায় উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুল হকের ছেলে শাহাদাত হোসেন বড়গাছি ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন।
বিদ্রোহীদের ছেলেদের মনোনয়ন পাওয়ার ব্যাপারে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন বলেন, বাবার অপরাধের জন্য তো ছেলেকে দায়ী করা যায় না। এরা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষিত ছেলে। এরা রাজনীতিতে আসছে, এটা দলের জন্য ভালো।
তবে দলীয় সূত্রে জানা গেছে, খলিলুর রহমানের ছেলে বাবলু হোসেন আওয়ামী লীগের কোনো পদে নেই। তিনি সদস্য স্নাতকোত্তর পাস করেছেন। থাকতেন রাজশাহী শহরে। আওয়ামী লীগের অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন না।
মনোনয়নবঞ্চিতদের অভিযোগ, উপজেলা আওয়ামী লীগ কেন্দ্রে যে সুপারিশ পাঠিয়েছিল, সেখানে পদে না থাকা বাবলুর নামই রাখা হয়েছিল ১ নম্বরে। তাঁকে নৌকার মনোনয়ন দেওয়ায় হতবাক হয়েছেন এলাকার লোকজন।
রায়ঘাটি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা শহিদুল ইসলাম বলেন, তাঁর জানামতে বাবলু আওয়ামী লীগ ও এর কোনো সহযোগী সংগঠনের সদস্যপদেও নেই। দীর্ঘদিন রাজনীতি করা নেতারা থাকতে তাঁকে (বাবলু) মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হতাশাজনক।
তৃতীয় দফার ইউপি নির্বাচনে পবা উপজেলার বড়গাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী হিসেবে গত বৃহস্পতিবার শাহাদাত হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। ২০১৬ সালে অনুষ্ঠিত এই ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছিলেন শাহাদাতের বাবা এমদাদুল হক। নির্বাচনে এমদাদুল ও আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোবারক হোসেন হেরে যান। চেয়ারম্যান হন বিএনপির প্রার্থী।
এবার বড়গাছি থেকে সাতজন নেতা মনোনয়ন চেয়েছিলেন। বঞ্চিতদের অভিযোগ, মনোনয়ন পাওয়া শাহাদাত হোসেন কোনো দিন ছাত্রলীগ বা যুবলীগের রাজনীতি করেননি। হঠাৎ করেই তাঁকে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করে কেন্দ্র থেকে মনোনয়ন এনে দেওয়া হয়েছে।
২০১৬ সালের নির্বাচনে এই ইউনিয়নে নৌকার প্রার্থী ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেন। তিনি বলেন, বিদ্রোহী প্রার্থী থাকার কারণে তিনি অল্প ভোটে গতবার বিএনপির প্রার্থীর কাছে হেরে যান। এবার তাঁকে মনোনয়ন না দিয়ে বিদ্রোহী প্রার্থীর ছেলেকে মনোনয়ন দেওয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে ‘ম্যানেজ’ করে মনগড়া কমিটির সাংগঠনিক সম্পাদক বানানো হয়েছে। তিনি শাহাদাতের মনোনয়ন বাতিলের দাবি জানাচ্ছেন।
শাহাদাত হোসেন বলেন, ২০২০ সালের ২১ নভেম্বর হওয়া সম্মেলনের মাধ্যমে তিনি পদ পেয়েছেন। মনোনয়নবঞ্চিতরা এখন ষড়যন্ত্র করে নানা কথা বলছেন। একই কথা বলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আলী। তাঁর ভাষ্য, প্রকাশ্য সম্মেলনের মাধ্যমে শাহাদাতকে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করা হয়। এবার শেখ হাসিনা তাঁকে নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছেন।