দলীয় পরিচয়ে কাউকে ছাড় দেওয়া যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আ স ম আবদুর রব আজ বুধবার কুমিল্লার নানুয়ার দিঘির পাড় এলাকায় ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপ পরিদর্শন করেন
ছবি: প্রথম আলো

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘কুমিল্লার ঘটনায় সারা বিশ্বে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। জাতিসংঘ থেকে বলা হচ্ছে হিন্দুদের রক্ষা করো। কেন, আমরা কি মরে গেছি? কোথায় মুক্তিযুদ্ধের চেতনার মানুষ? মুক্তিযুদ্ধের চেতনার মূলমন্ত্র কি এই ছিল? তাই পরিষ্কার করে বলতে চাই, এ ঘটনায় কাউকে দলীয় পরিচয়ে ছাড় দেওয়া যাবে না।’

আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে কুমিল্লার নানুয়া দিঘির উত্তর পাড়ের অস্থায়ী পূজামণ্ডপ এলাকা পরিদর্শনকালে রব এসব কথা বলেন। গত বুধবার এ পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে হামলা-ভাঙচুর হয়। এখান থেকে দেশের অন্যান্য স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে।

আ স ম আবদুর রব বলেন, ‘কুমিল্লায় আমার নোয়াখালীর চৌমুহনী কলেজের শিক্ষক দেবব্রত গুপ্তের বাড়ি। এখানে আমার রাজনৈতিক সহযোদ্ধা হাবিব উল্লাহ চৌধুরী, আনসার আহমেদের বাড়ি। এই এলাকায় আমি বহুবার এসেছি। এই ঘটনা দুঃখজনক, বেদনাদায়ক ও লজ্জার। আমাদের লজ্জা রাখার জায়গা নেই।’ তিনি স্মৃতিচারণা করে বলেন, ‘১৯৬৪ সালে আমার বয়স ২২ বছর। তখন নোয়াখালীর চৌমুহনী কলেজের ছাত্র আমি। তখন বলেছিলাম, বাঙালি রুখে দাঁড়াও। আজ সেই যুবসমাজ কোথায়?’

সরকারের উদ্দেশে আ স ম আবদুর রব বলেন, ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর জন্য আজ এ অবস্থা। নিজেদের ঝগড়া-বিবাদ হিন্দুদের ওপর ছড়িয়ে দিচ্ছেন।’ তাঁর অভিযোগ, ‘কুমিল্লার ঘটনায় তাৎক্ষণিক প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়নি। কারা নেয়নি, তাদের খুঁজে বের করতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

পরে আ স ম আবদুর রব কুমিল্লা নগরের কাপড়িয়াপট্টি চাঁনমনী কালীবাড়ি ও ঠাকুরপাড়া রক্ষাময়ী মন্দির পরিদর্শন করেন। তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে কথা বলেন।

আ স ম আবদুর রব কুমিল্লা থেকে ফেনীতে যান। গত শনিবার ফেনীর জয়কালী মন্দির, বড় বাজার কালীমন্দির ও হিন্দু সম্প্রদায়ের দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। দুপুরে জয়কালী মন্দির পরিদর্শনকালে তিনি অভিযোগ করেন, ‘সরকার সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ফায়দা লুটতে চায়। এটা ঘটিয়েছে তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য। সাম্প্রদায়িকতাকে আমরা ১৯৭২ সালে কবর দিয়েছি। সরকারের সদিচ্ছা থাকলে মন্দিরে একটি ইটের টুকরাও পড়ত না।’

বর্ষীয়ান এই নেতা বলেন, নাসিরনগরে হামলার বিচার হয়নি, রামুর ঘটনার বিচার হয়নি। বিচার হয় না বলেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর বারবার হামলার ঘটনা ঘটছে। তদন্তে দলীয় নেতাদের নাম এলেই ঘটনা ধামাচাপা পড়ে যায়। সংখ্যালঘুদের দলীয় স্বার্থে ব্যবহার করা হয়। তাদের সম্পত্তি গ্রাস করার জন্য পরিকল্পিতভাবে হামলা করা হয়। এসব ঘটনা সাম্প্রদায়িক সমস্যা নয়, জাতীয় সমস্যা।