দলীয় প্রতীক ছাড়া বিএনপি ঠিকই নির্বাচনে অংশ নিচ্ছে: মাহবুব উল আলম হানিফ
আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন, মিথ্যাচার করতে করতে বিএনপি দেশের মানুষের কাছে প্রতারক দল হিসেবে পরিচিতি পেয়েছে। বিএনপি একটি প্রতারক দল। তারা সকালে এক কথা আর বিকেলে আরেক কথা বলে। তারা মুখে বলে বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না। কিন্তু কুমিল্লা সিটি করপোরেশনসহ বিভিন্ন জায়গায় তারা দলীয় প্রতীক ছাড়া ঠিকই নির্বাচনে অংশ নিচ্ছে। এটা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় হোটেল নূর মহলে এ মতবিনিময় সভা হয়।
হানিফ বলেন, বিএনপির জনগণের কাছে ভোট চাওয়ার বা জনগণের কাছে যাওয়ার মতো কোনো অর্জন নেই। কারণ, তারা ক্ষমতায় থাকাকালীন অন্যায়-অত্যাচার করেছে। হাওয়া ভবন বানিয়ে দেশের সম্পদ লুট করেছে। আর এখন দেশের কোনো উন্নয়ন কর্মকাণ্ড তারা সহ্য করতে পারে না। স্বাভাবিকভাবেই বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগ জয়ের ব্যাপারে কতটা আশাবাদী, গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘আমি এখানে কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে কথা বলতে আসিনি। আমি কুমিল্লায় এসেছি দলের নেতা-কর্মীদের সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে কথা বলতে। আগামী ডিসেম্বরে আমাদের জাতীয় কাউন্সিল হবে। সেই কাউন্সিলকে কেন্দ্র করে সারা দেশে বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। কুমিল্লা সিটি নির্বাচনের কারণে আমরা এখানে শহরের বাইরে মতবিনিময় সভা করেছি। তবে সব নির্বাচনেই আওয়ামী লীগ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম টুটুল প্রমুখ।