দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে নিজে কাঁদলেন ও কর্মীদের কাঁদালেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাজশাহীর আড়ানী পৌরসভা নির্বাচনের বিদ্রোহী মেয়র প্রার্থী রিবন আহমেদ। ২ জানুয়ারি বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের আড়ানীর বাড়িতে
প্রথম আলো

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী মেয়র প্রার্থী রিবন আহমেদ ওরফে বাপ্পী। শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। এ সময় নেতা নিজে কাঁদেন ও কর্মীদের কাঁদান। তবে আরেক বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মুক্তার আলী তাঁর অবস্থানে এখনো অনড় রয়েছেন।

সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে রিবন আহমেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গত নির্বাচনে আমার বাবা প্রয়াত বাবুল হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। তিনি আকস্মিক মারা যান। এ কারণে আমি এবার দলীয় মনোনয়ন চেয়েছিলাম। আমি ছাত্রলীগ করি, এ জন্য আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। দেওয়া হয়েছে আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতিকে। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী ১৬ জানুয়ারি আড়ানী পৌর নির্বাচন সামনে রেখে মেয়র পদে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলাম। তবে প্রতীক বরাদ্দের পর (২ জানুয়ারি) বিকেলে আড়ানীতে অবস্থিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনের কনফারেন্স রুমে উপজেলা আওয়ামী লীগ নেতাদের ডাকে উপস্থিত হই। এরপর দলের প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক মতাদর্শের অনুসারী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সিদ্ধান্তের প্রতি অবিচল আস্থা ও সম্মান প্রদর্শনপূর্বক আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন থেকে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করছি। একই সঙ্গে আমি আমার কর্মীদের নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এপিএস সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন ও সিরাজুল ইসলাম, আওয়ামী লীগের নেতা মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবীর, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস সরকার, বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান, পৌর যুবলীগের সভাপতি শাহিন আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।