
স্বাধীনতার পর থেকে ২০১৪ সাল পর্যন্ত যতগুলো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে কেবল একটি ছাড়া বাকি সব নির্বাচনে মিরসরাই (চট্টগ্রাম-১ আসন) থেকে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন মোশাররফ হোসেন। তিনি এখন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী। তবে আগামী নির্বাচনে দল থেকে তিনি একক প্রার্থী নন। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়ন লাভের জন্য জনসংযোগ করছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিন। তিনি একসময় মোশাররফ হোসেনের শিষ্য হিসেবে পরিচিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, মোশাররফ হোসেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির জন্য প্রতি সপ্তাহে এলাকায় গণসংযোগ এবং উন্নয়ন কাজের তদারক করছেন। উপজেলার প্রতিটি ইউনিয়নে রয়েছে তাঁর বিচরণ। কিন্তু দলের ভেতর আসা চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করবেন তা নিয়ে কর্মী-সমর্থকদের মধ্যে চলছে আলোচনা।
১৯৭৯ সালে অনুষ্ঠিত দ্বিতীয় সংসদ নির্বাচন ছাড়া বাকি সব কটি জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী ছিলেন মোশাররফ হোসেন। দেশ স্বাধীন হওয়ার আগে বঙ্গবন্ধু এই তরুণ প্রকৌশলীকে দলে টেনে নিয়ে ১৯৭০ সালে মনোনয়ন দেন। ১৯৮৬ সালে মিরসরাইয়ের আসন থেকে জয়ী হন তিনি। ১৯৯১ সালের নির্বাচনে খালেদা জিয়ার কাছে হেরে যান। ১৯৯৬ সালেও খালেদা জিয়ার কাছে হেরে যান। কিছু দিন পরে অনুষ্ঠিত উপনির্বাচনে জয়ী হন তিনি। ২০০১ সালের নির্বাচনে আবার পরাজিত হন। ২০০৮ এবং ২০১৪ সালে আবার জয়ী হয়ে টানা নয় বছর জাতীয় সংসদে মিরসরাইয়ের প্রতিনিধিত্ব করছেন মোশাররফ হোসেন।
দলীয় সূত্র জানায়, মোশাররফ হোসেনকে এবার মাঠ ছেড়ে দিতে রাজি নন গিয়াস উদ্দিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। সর্বশেষ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের আগ পর্যন্ত মোশাররফ হোসেনের অনুসারী হিসেবে কাজ করেছেন তিনি। ওই নির্বাচনে গিয়াস উদ্দিনকে মন্ত্রী মোশাররফ সমর্থন দেননি। গিয়াস উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আওয়ামী লীগ সমর্থিত দুজনের ভোট কাটাকাটির কারণে জয়ী হন বিএনপির প্রার্থী নুরুল আমীন। এসব কারণে মন্ত্রী মোশাররফের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় গিয়াস উদ্দিনের।
গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ২০১৩ ও ২০১৪ সালে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস এবং জ্বালাও-পোড়াও কর্মসূচি মাঠে থেকে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মোকাবিলা করেছেন তিনি। মিরসরাইয়ের পাশের উপজেলা সীতাকুণ্ডে তখন প্রায় প্রতিদিন গাড়ি পোড়ানা হয়, মানুষ পুড়িয়ে মারা হয় কিন্তু মিরসরাইয়ে আগুনের আঁচ লাগতে দেননি। তিনি বলেন, ‘জনগণের সঙ্গে থাকি বলে বলে উনি (মন্ত্রী মোশাররফ হোসেন) আমাকে থ্রেট (হুমকি) মনে করছেন।’
দলীয় মনোয়ানপ্রত্যাশী গিয়াস উদ্দিন বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকে। কিন্তু উনি (মোশাররফ) তা মানতে রাজি নন। দলের পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে পছন্দের ব্যক্তিকে উপজেলা ও ইউনিয়ন পরিষদে মনোনয়ন দেওয়া হয়। ফলাফল কী হয়েছে তা সবাই জানে।
দলীয় নেতারা জানান, মোশাররফ হোসেন ও গিয়াস উদ্দিন ছাড়া আরও একজন ব্যক্তি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। তিনি ব্যবসায়ী নিয়াজ মোরশেদ। এলিট নামে পরিচিত তিনি। চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নিয়াজ মোরশেদ চট্টগ্রাম বন্দরে যন্ত্রপাতি সরবরাহের ঠিকাদারি ব্যবসায় নিয়োজিত। তিনিও এলাকায় গণসংযোগ চালাচ্ছেন। যদিও তাঁর বাবা মনিরুল ইসলাম একই আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।
নিয়াজ মোরশেদ প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যেতে তরুণদের অন্তর্ভুক্ত করতে হবে। মিরসরাইয়ে তরুণ নেতৃত্বের প্রয়োজন।
দল থেকে আরও দুজন মনোনয়নপ্রত্যাশী থাকার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, মিরসরাইয়ে আওয়ামী লীগের আর কেউ নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন কিনা তা জানা নেই তাঁর। তিনি বলেন, ১৯৭৯ সালে তাঁকে বাদ দিয়ে ফজলুল হককে মনোনয়ন দেওয়া হয়। তখনো তাঁর পক্ষে জোরালোভাবে কাজ করেছেন তিনি। দলের জন্য কাজ করেন তিনি। কারও সঙ্গে বিরোধ নেই। আজীবন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হয়ে জনগণের পাশে ছিলেন, আগামী দিনগুলোতেও মানুষের জন্য কাজ করে যাবেন বলে জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।