দস্যুতার 'অপবাদ' ঘুচছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দস্যুতার ‘অপবাদ’ থেকে রেহাই পেতে চলেছে চট্টগ্রাম বন্দর। গত ছয় মাসে কোনো দস্যুতার ঘটনা ঘটেনি বন্দর বা বাংলাদেশের জলসীমায়। অথচ ২০১০ সাল পর্যন্ত বন্দর জলসীমা দস্যুতা প্রবণ ও আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল দস্যুতা পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো।
দস্যুতা কমার পর উচ্চ ঝঁুকিপূর্ণ থেকে ঝুঁকিপূর্ণ তালিকায় স্থান পায় বন্দর। অবশ্য এবারও এই তালিকা থেকে বাদ পড়েনি। তবে বন্দরের কর্মকর্তারা বলছেন, এই পরিস্থিতি বজায় থাকলে এক বছরের মধ্যে বন্দর আর ঝুঁকিপূর্ণ তালিকায় থাকবে না। কারণ, ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর তালিকা হয় এক বছরের পরিস্থিতির ওপর।
জলসীমায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সংস্থার কর্মকর্তারা বলছেন, সরাসরি সাগরে অভিযান চালানোর চেয়ে উপকূলে নিয়মিত অভিযান পরিচালনা এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর কারণে এই সুফল মিলেছে। আবার দেশীয় নৌকায় করে স্থানীয়রা বিদেশি জাহাজের নাবিকদের খাবার সরবরাহের বিনিময়ে রশিসহ পরিত্যক্ত মালামাল সংগ্রহ করত। এর মাধ্যমেও চুরি-ডাকাতির ঘটনা ঘটত। গত বছর বহির্নোঙরে এসব নৌকার চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এসব পদক্ষেপের সুফল পাওয়া গেছে।
নৌবাহিনী সূত্র জানায়, উপকূল থেকে সাগরের দিকে ১২ নটিক্যাল মাইল এলাকা পর্যন্ত নজরদারি করে কোস্টগার্ড। আর ১২ নটিক্যাল মাইল পর থেকে দেশের সমুদ্রসীমানা পর্যন্ত নজরদারি করে নৌবাহিনী। জাহাজ ও দ্রুতগামী নৌযানের মাধ্যমে এই তদারকি করা হয়।
যোগাযোগ করা হলে কোস্টগার্ড পূর্বাঞ্চলের প্রধান ক্যাপ্টেন শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নানামুখী পদক্ষেপ নেওয়ায় জাহাজে চুরি-ডাকাতির ঘটনা শূন্যের কোটায় নেমে এসেছে। গত বছর কুতুবদিয়া, বাঁশখালীসহ উপকূলীয় এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে সচেতনতা তৈরির জন্য দফায় দফায় সভা হয়েছে। এলাকা ভাগ করে এসব ঘটনা প্রতিরোধের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে অনেককে। ফলে এখন চুরি-ডাকাতির পরিকল্পনা বা প্রস্তুতির সময় আমরা তথ্য পেয়ে অভিযান চালাচ্ছি।’ গত নয় মাস ধরে বিদেশি জাহাজে প্রকৃত চুরি-ডাকাতির ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।
দস্যুতা পর্যবেক্ষণকারী দুটি আন্তর্জাতিক সংস্থার হিসাবমতে, গত বছর বন্দরে সর্বশেষ দস্যুতার ঘটনা ঘটে ২২ জুন। বন্দরের বহির্নোঙরে লাইবেরিয়ার পতাকাবাহী ‘টং জায়া স্টার’ নামে কনটেইনার জাহাজে ওঠে একদল দুষ্কৃতিকারী রশিসহ মালামাল নিয়ে যায়। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ঘটনা ঘটে গত ২১ জুলাই। ‘এমভি স্পার কানিস’ জাহাজে ওঠে একদল দুষ্কৃতিকারী চারটি রশি নিয়ে যায়। দুজন নাবিককে আহত করে। অর্থাৎ ২২ জুলাই এর পর বন্দর জলসীমায় চুরি-ডাকাতির কোনো ঘটনা ঘটেনি।
বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম প্রথম আলোকে বলেন, ‘বন্দরে এখন ভিটিএমআইএস নামে নিরাপদ জাহাজ চলাচলের যে প্রযুক্তি আছে তা ব্যবহার করে বন্দর জলসীমায় কোথায় কী ঘটছে তার ভিডিও রেকর্ড হচ্ছে। এই রেকর্ড ধরে বেশ কিছু ঘটনা আমরা চ্যালেঞ্জ করেছি। নজরদারিও বাড়ানো হয়েছে। এর ফলে এ ধরনের ঘটনা এখন ঘটছে না।’
জল দস্যুতা পর্যবেক্ষণকারী সংস্থা ‘ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো’ বা আইএমবি’র তথ্য অনুযায়ী, ২০১৫ সালে বন্দর জলসীমায় বিদেশি জাহাজে ১১ টি চুরি-ডাকাতির ঘটনা ঘটে। এর আগে ২০১৪ সালে ২১ টি ঘটনা ঘটে। বাংলাদেশের নানা উদ্যোগের কারণে গত কয়েক বছর ধরে দস্যুতার ঘটনা কমেছে বলে সংস্থার বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অন্যদিকে ‘রিক্যাপ’ (এশিয়া অঞ্চলে জাহাজে দস্যুতা ও সশস্ত্র ডাকাতি প্রতিরোধে সই হওয়া চুক্তি) এর বার্ষিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত বছর বন্দর জলসীমায় ১০টি দস্যুতার ঘটনা ঘটে। এদিকে বন্দর কর্তৃপক্ষ চুরি-ডাকাতি ও ডাকাতির চেষ্টার সব তথ্যই রেকর্ড করে। এই সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর এ ধরনের ২১ টি ঘটনা ঘটেছে। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি বলে বন্দরের তথ্যে দেখা যায়।