দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

রাজবাড়ীর পাংশা উপজেলায় দা দিয়ে কুপিয়ে স্বামী তাঁর স্ত্রীকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল আটটায় উপজেলার মাছপাড়া ইউনিয়নের কালীনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

নিহত গৃহবধূর নাম লিপি খাতুন (২৭)। আটক অভিযুক্ত স্বামী হলেন একই গ্রামের রুবেল সরদার (৩২)। রুবেল-লিপি দম্পতির তিন সন্তান আছে।

রুবেলের ভাবি ও প্রতিবেশী একজনের সঙ্গে কথা বলে জানা যায়, রুবেল মাছের ব্যবসা করতেন। ইদানীং তিনি বেকার হয়ে যান। নেশাও করেন। প্রায়ই স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া হতো। কিছুদিন আগে স্ত্রী রাগ করে বাবার বাড়ি উপজেলার সাজুরিয়া চলে যান। তিন দিন আগে স্ত্রীকে বাড়ি নিয়ে আসেন রুবেল। পারিবারিক কলহের জেরে আজ সকালে দুজনের আবার ঝগড়া হয়। একপর্যায়ে রুবেল তাঁর স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে রুবেলকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে আটক করে তাঁদের কাছে সোপর্দ করেছে। নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।