দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের সঙ্গে কারের ধাক্কায় তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৌহিদুল ইসলাম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের সঙ্গে কারের ধাক্কায় এক তরুণ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের ইমপেরিয়াল স্কুল অ্যান্ড কলেজ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম তৌহিদুল ইসলাম ওরফে আসিফ (২৫)। তিনি রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাট এলাকার মুহাম্মদ আলীর ছেলে। আসিফ কারের চালক ছিলেন। এ ঘটনায় ওই গাড়িতে থাকা দুই নারীসহ পাঁচ যাত্রীও আহত হন। আহতরা হলেন মো. জাফর (৪৫), রুজি আক্তার (২৫), মুহাম্মদ রানা (১২), মুহাম্মদ আবিদ (৫) ও মিম (৭)।

পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, তৌহিদুলসহ তাঁর পরিবারের কয়েকজন কার নিয়ে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে এক বিদেশগামী স্বজনকে বিদায় জানাতে গিয়েছিলেন। বিমানবন্দর থেকে বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইমপেরিয়াল স্কুল অ্যান্ড কলেজ-সংলগ্ন এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের সঙ্গে ওই কারের ধাক্কা লাগে। এতে কারটি দুমড়েমুচড়ে গেলে চালকসহ মোট ছয়জন আহত হন।

এ সময় স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তৌহিদুলকে মৃত ঘোষণা করেন।

তৌহিদুলের দুর্ঘটনাকবলিত গাড়ি
ছবি: সংগৃহীত

নিহত তৌহিদুলের প্রতিবেশী সুবর্ণা তুলি বড়ুয়া বলেন, গত ১৬ ফেব্রুয়ারি একই সড়কের ৫ কিলোমিটার দূরত্বের নোয়াপাড়া এলাকায় তাঁর বড় ভাই পাপন বড়ুয়া (৪২) লেগুনার ধাক্কায় নিহত হন। এ সময় তৌহিদুল অ্যাম্বুলেন্স চালিয়ে পাপনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। ২৪ দিন পর সড়ক দুর্ঘটনায় তৌহিদুল মারা গেলেন।

হাটহাজারী মদুনাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মুহাম্মদ মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে পুলিশ তদন্তকেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তবে ঘটনার পর থেকে কাভার্ড ভ্যান চালককে পাওয়া যায়নি।