দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, প্রাণ গেল দুজনের
নেত্রকোনা সদর উপজেলায় ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে চল্লিশা ইউনিয়নের সাকুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কলমাকান্দা উপজেলার সুনই গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম (৩৫) ও বারহাট্টা উপজেলার নুরুজ্জামান (৩০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, তরিকুল ইসলাম গতকাল শুক্রবার দুপুরে নিজ এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে ডিম নিয়ে ঢাকায় যান। সেখানে ডিম বিক্রি শেষে আজ বাড়ি ফিরছিলেন। সকাল ৯টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের সাকুয়া এলাকায় পৌঁছালে সড়কে দাঁড়ানো একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে তরিকুল ও নুরুজ্জামান মারা যান। স্থানীয় লোকজন চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।