দাউদকান্দিতে আমন ধানের ভালো ফলন, খুশি কৃষক

ধান কাটার পাশাপাশি কৃষকেরা ধান মাড়াই ও খড়ের গাদা দেওয়ার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমন ধান কাটার উৎসব শুরু হয়েছে। কুমিল্লার দাউদকান্দি উপজেলার মানিককান্দি গ্রামে গতকাল
প্রথম আলো

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ছয়টি ইউনিয়নে বোনা ও রোপা আমন ধানের ফলন ভালো হয়েছে। কৃষকেরা জানান, সার ও সেচের জন্য এ মৌসুমে তাঁদের বাড়তি খরচ করতে হয়নি। অন্যদিকে বাজারে ধানের দাম ভালো পাওয়া যাচ্ছে। আমনের আবাদ করে এবার লাভবান হয়েছেন তাঁরা।

উপজেলার মোহাম্মদপুর, বিটেশ্বর, মারুকা, দৌলতপুর, পাঁচগাছিয়া, মালিগাঁও ইউনিয়নের মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিটেশ্বর ইউনিয়নের মাঠগুলো ঘুরে দেখা যায়, সোনালি ধানে ছেয়ে গেছে বিস্তৃত এলাকা। গ্রামের মাঠে ধান কাটার পাশাপাশি কৃষকেরা ধান মাড়াই ও খড়ের গাদা দেওয়ার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বাড়ির অন্য সদস্যরা তাঁদের সহযোগিতা করছেন।

মানিককান্দি গ্রামের বাসিন্দা কৃষক কাদির মিয়া জানান, তিনি ভুট্টা ওঠানোর পর ১২০ শতক জমিতে রোপা আমনের আবাদ করেছেন। সামান্য খরচে বাম্পার ফলন হয়েছে।

একই গ্রামের কৃষক বাচ্চু মিয়া জানান, তিনি ৯০ শতক জমিতে বোনা আমনের (ভৈরল) আবাদ করেছেন, খরচ হয়েছে ৮ হাজার টাকা। ১৫ মনের বেশি ধান পাবেন তিনি। প্রতি মন ধানের বাজারমূল্য এক হাজার টাকা। অন্যদিকে গরুর খাবারের জন্য খড়, রান্নার কাজের জন্য নাড়াও পাওয়া যাবে।

দাউদকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা সারোয়ার জামান জানান, দাউদকান্দিতে মোট আবাদি জমি ১৫ হাজার ৪৬৫ হেক্টর। কৃষকেরা চলতি বছর ১ হাজার ৪৭০ হেক্টর জমিতে বোনা ও ৩১৫ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ করেছেন।