দাউদকান্দিতে ডুবে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টির পানিতে ডুবে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডের প্রায় ১০০ মিটার এলাকা
ছবি: প্রথম আলো

বৃষ্টির পানিতে ডুবে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডের প্রায় ১০০ মিটার এলাকা। আজ রোববার সকালে ডুবে যাওয়া মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে যানবাহনের গতি কমে যাচ্ছে। সৃষ্টি হচ্ছে যানজটের। ভোগান্তি পোহাচ্ছেন যানবাহনের চালক, যাত্রী ও সাধারণ মানুষ।

চাকরিজীবী সুরুজ মিয়া, স্কুলশিক্ষক পলাশ চন্দ্র দাস, পথচারী মুক্তার হোসেন ও আবদুর রাজ্জাকের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের মাঝের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকার ডুবাগুলো ময়লা–আবর্জনায় ভরাট হয়ে গেছে। এতে বৃষ্টি হলেই মহাসড়কের ১০০ মিটার অংশ পানিতে তলিয়ে যায়। প্রায় দুই মাস ধরে এমন সমস্যা হলেও সমাধানের কোনো পদক্ষেপ নেই।

ঢাকাগামী বাসের চালক আবদুল ওহাব বলেন, মহাসড়ক বৃষ্টির পানিতে তলিয়ে থাকায় এই স্থান পাড়ি দিতে ঝামেলা হচ্ছে।

দাউদকান্দি হাইওয়ে থানা–পুলিশের উপপরিদর্শক (এসআই) আলীমুল আজাজী বলেন, গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় মহাসড়কের এই স্থানে নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে দাউদকান্দি হাইওয়ে থানা–পুলিশ দায়িত্ব পালন করছে। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে (সওজ) জানানো হয়েছে।

সওজের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী রেজা এ রাব্বি বলেন, মহাসড়কের এই স্থানের জলাবদ্ধতা নিরসনে পাইপলাইন বসানোসহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।