দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার দীর্ঘ যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু থেকে গৌরীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত ৯ কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। আজ উপজেলার গৌরীপুর এলাকায়
ছবি: প্রথম আলো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংস্কারকাজের কারণে আজ সোমবার সকাল থেকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু থেকে গৌরীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত ৯ কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। রোজার মধ্যে প্রচণ্ড গরমে যানজটে আটকা পড়ে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন চালক ও যাত্রীরা।

ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের যাত্রী মো. ফরহাদ প্রথম আলোকে বলেন, তিনি সকাল আটটায় চিটাগাংরোড থেকে বাসে ওঠেন। নারায়ণগঞ্জের সোনারগাঁ এসে যানজটে আটকা পড়েন। প্রচণ্ড যানজটের মধ্যে বেলা ১১টায় দাউদকান্দির গৌরীপুর এলাকা অতিক্রম করেন। তিনি বলেন, স্বাভাবিক সময়ে এ পথ যেতে ৪০ থেকে ৫০ মিনিট সময় লাগে।

কুমিল্লার হোমনা উপজেলার আশাদপুর গ্রামের বাসিন্দা মো. লিয়ন নারায়ণগঞ্জে চাকরি করেন। তিনি সাইনবোর্ড থেকে স্বজনদের নিয়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘সকাল সোয়া আটটায় সাইনবোর্ড থেকে ভাবি, ছোট বোন ও ভাইয়ের দুই বছরের মেয়েকে নিয়ে সুরমা সুপার সার্ভিস নামের বাসে উঠি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরে এসে যানজটে আটকা পড়ি। যানজট পেরিয়ে বেলা সোয়া ১১টায় দাউদকান্দির গৌরীপুরে পৌঁছাই। রোজার মধ্যে প্রচণ্ড গরমে যানজটে পড়ে অতিষ্ট হয়ে গেছি।’

রোজার মধ্যে প্রচণ্ড গরমে যানজটে আটকা পড়ে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন চালক ও যাত্রীরা। ছবিটি কুমিল্লার দাউদকান্দি উপজেলার গাজীপুর এলাকা থেকে তোলা
ছবি: প্রথম আলো

মাইক্রোবাসচালক নজরুল ইসলাম বলেন, ঈদের আগে এমনিতেই অতিরিক্ত যানবাহন চলাচল করছে। অতিরিক্ত যানবাহনের মধ্যে চার লেনের সংস্কারকাজ চলমান থাকায় এ যানজট দেখা দিয়েছে। পাপিয়া পরিবহনের বাসচালক মুক্তার হোসেন বলেন, সড়ক সংস্কারকাজের কারণে যানজট দেখা দিয়েছে। যানজটে পড়ে সময় ও তেল দুটোই বেশি লাগছে।

আরও পড়ুন

দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শিপন মিয়া প্রথম আলোকে বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছে।

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কুমিল্লার সহকারী প্রকৌশলী মো. আবু সালেহ বলেন, সংস্কারকাজের জন্য যানজট সৃষ্টি হচ্ছে না। বরং, যানবাহনের চালকদের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে যানজট দেখা দিচ্ছে।

আরও পড়ুন