দাউদকান্দিতে নিখোঁজের এক দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মাদলা গ্রামের স্কুলশিক্ষক শান্তিরঞ্জন ভৌমিকের বসতবাড়ির পুকুরপাড় থেকে নিখোঁজের এক দিন পর ব্যবসায়ী সুদর্শন চন্দ্র দাসের (৩১) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা তিনটার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
সুদর্শন চন্দ্র দাস স্থানীয় বিটেশ্বর গ্রামের বাসিন্দা। তাঁর বড় ভাই নিলয় চন্দ্র দাস বলেন, সুদর্শন দাস এজেন্ট হিসেবে বিভিন্ন দোকানে গিয়ে অর্ডারের প্রয়োজনীয় মাল পৌঁছে দিতেন। প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার সকালে ব্যবসার কাজে ঘর থেকে বের হন। ঘর থেকে বের হওয়ার প্রায় দুই ঘণ্টা পর থেকে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
অনেক খোঁজাখুঁজির পরও সুদর্শনকে না পেয়ে আজ বুধবার দুপুরে সুদর্শনের বড় ভাই নিলয় চন্দ্র দাসসহ দুই মামা এ ঘটনায় জিডি করতে দাউদকান্দি মডেল থানায় যান।
মডেল থানা পুলিশ এলাকাবাসীর মাধ্যমে জানতে পারেন, উপজেলার মাদলা গ্রামের একটি পুকুরপাড়ে একটি যুবকের লাশ পড়ে আছে। পুলিশ ও সুদর্শনের পরিবারের সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে সুদর্শনের লাশ শনাক্ত করেন।
দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, উদ্ধার করা লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।