দাউদকান্দিতে পিকআপ ভ্যানের চাপায় মাদ্রাসাছাত্র নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঢাকা-আমিরাবাদ-কচুয়া সড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার মলয় গ্রামের কাছে পিকআপ ভ্যানের চাপায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থীর নাম মো. অনিক (১৪)।

নিহত অনিক দাউদকান্দি উপজেলার দরদখোলা গ্রামের ব্যাটারিচালিত রিকশাচালক শাহ আলীর ছেলে। সে দাউদকান্দির মোহাম্মদপুর মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

সড়ক দুর্ঘটনায় নিহত অনিকের বাবা শাহ আলী জানান, কঠোর বিধিনিষেধের কারণে মাদ্রাসা বন্ধ থাকায় অনিক দুই মাস ধরে বাড়িতেই ছিল। আজ দুপুরে অনিক শখ করে তার (শাহ আলী) ব্যাটারিচালিত রিকশাটি চালানোর জন্য বাড়ির পাশের একটি সড়কে নিয়ে যায়।

এ সময় দ্রুতগতিতে একটি পিকআপ এসে অটোরিকশাটিকে চাপা দিলে অনিক গুরুতর আহত হয়। এরপর স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নূর-ই-সালমা বলেন, অনিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। আজ মাগরিবের নামাজের পর গ্রামের কবরস্থানে অনিকের লাশ দাফন করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে ফেরত দেওয়া হয়েছে। পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। তবে পিকআপ ভ্যানের চালক পলাতক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।