দাউদকান্দিতে স্বামীর বিরুদ্ধে নববধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় তাসলিমা (১৮) নামের এক নববধূকে তাঁর স্বামী জয়নাল আবেদীন (২৫) শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 
উপজেলা সদরের পেন্নাই গ্রামে গত মঙ্গলবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
দাউদকান্দি থানার পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, প্রায় দুই মাস আগে পেন্নাই গ্রামের মাইনুদ্দিনের মেয়ে তাসলিমার সঙ্গে জয়নালের বিয়ে হয়। তিনি দাউদকান্দি-চট্টগ্রাম পথে চলাচলকারী মেঘনা পরিবহনের চালকের সহকারী হিসেবে কাজ করেন। বিয়ের সময় তিনি নিজেকে চাঁদপুরের বাসিন্দা বলে পরিচয় দেন।
বিয়ের পর জয়নাল স্ত্রীকে নিয়ে দেড় মাস চট্টগ্রামেই ছিলেন। ওই গৃহবধূ প্রায় ১৫ দিন আগে স্বামীসহ দাউদকান্দিতে বাবার বাড়ি বেড়াতে আসেন। এখানে থাকাকালে তিনি জয়নালের আগের বিয়ে ও সন্তানের কথা জানতে পারেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়।
গত মঙ্গলবার রাত আটটার দিকে জয়নালের আগের বিয়ে নিয়ে আবারও স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে জয়নালই ছুটে এসে তাসলিমার মা-বাবাকে জানান তাঁর স্ত্রী আকস্মিকভাবে মারা গেছেন। কিন্তু তাসলিমার মা হোসনেয়ারা মেয়ের গলায় আঘাতের চিহ্ন দেখে জামাতার কাছে এর কারণ জানতে চান। লাশ দেখে মা-বাবার আহাজারির এক ফাঁকে জয়নাল পালিয়ে যান।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।