দাউদকান্দিতে সড়কের পাশে ময়লার স্তূপ, গন্ধে পথচলা দায়
কুমিল্লার দাউদকান্দি উপজেলার আঙ্গাউড়ায় ঢাকা-পেন্নাই-হোমনা সড়কের পাশে আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করা হচ্ছে। খোলা ভাগাড় থেকে দুর্গন্ধ বের হওয়ায় আশপাশ দিয়ে পথচারীরা যেতে পারছেন না। দুর্গন্ধের জন্য ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতেও বসা কষ্টকর হচ্ছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক সময় ভাগাড় থেকে ময়লা এনে কুকুরের দল সড়কের মধ্যে ফেলে রাখে। এ কারণে যানবাহনও পিছলে যাওয়ার ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে।
উপজেলার আঙ্গাউড়া এলাকার দোকানদার আবু সাইদ বলেন, সড়কের পাশে গৌরীপুর বাজারের ময়লা নিয়মিত ফেলে স্তূপ তৈরি করা হচ্ছে। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সমস্যা হচ্ছে।
এ সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার চালক আবু হানিফ বলেন, সড়কের পাশের ময়লা থেকে প্রায়ই কাক-কুকুর ময়লা-আবর্জনা নিয়ে সড়কে ফেলে রাখে। তখন সাবধানে গাড়ি চালাতে হয়।
গৌরীপুর অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাত আক্তার বলেন, বাজারের ময়লা-আবর্জনা সড়কের পাশে ফেলার কারণে সড়কের এ অংশ ভয়ে ভয়ে অতিক্রম করতে হচ্ছে।
পরিবেশ আন্দোলন কুমিল্লা জেলা কমিটির সদস্য এম এ মতিন বলেন, সড়কের পাশে ময়লা ফেলা কোনোভাবেই ঠিক নয়। এসব বর্জ্যের বিষাক্ত গ্যাসের কারণে সড়কের এ অংশে চলা দায়।
গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নোমান সরকার প্রথম আলোকে বলেন, শিগগিরই সড়কের এ অংশের ময়লা পরিষ্কার করা হবে এবং ভবিষ্যতে ময়লা ফেলা বন্ধ করার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।