দাউদকান্দির পরই পথে পথে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জরুরি প্রয়োজনে পাঁচ বছরের ছেলে ইয়াছিন আরাফাতকে নিয়ে ঢাকায় রওনা দিয়েছেন গৃহবধূ হ্যাপী আক্তার। শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার টোলপ্লাজা এলাকায়
প্রথম আলো

চট্টগ্রাম থেকে কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা পর্যন্ত গণপরিবহনসহ সব ধরনের যানবাহন চলাচল করছে। অথচ দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা পার হলেই ঢাকাগামী যাত্রীদের পথে পথে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে ঢাকায় চিকিৎসার জন্য যাওয়া রোগীরা পড়েছেন চরম সংকটে।

ঢাকার আশপাশের সাত জেলায় লকডাউন চলছে। দাউদকান্দির মেঘনা-গোমতী সেতু পার হলেই মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা, তারপর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা, তারপর ঢাকার কাঁচপুর এলাকা। লকডাউনের কারণে দাউদকান্দি থেকে ঢাকা পর্যন্ত গণপরিবহন চলাচল বন্ধ। তাই চট্টগ্রামের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীরা দাউদকান্দি থেকে কেউ হেঁটে, কেউ গাদাগাদি করে অতিরিক্ত ভাড়ায় পিকআপ, মাইক্রোবাস ও মোটরসাইকেলযোগে ঢাকায় যাওয়া-আসা করছেন।

জরুরি কাজে ঘরের বাইরে বের হওয়া লোকজন জীবনের ঝুঁকি নিয়ে পিকআপে চড়ে ঢাকায় যাচ্ছেন। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে
প্রথম আলো

আজ শনিবার সন্ধ্যায় দাউদকান্দির মেঘনা গোমতী সেতু এলাকায় কথা হয় ঢাকাগামী যাত্রী কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বাডারা গ্রামের গৃহবধূ হ্যাপী আক্তারের সঙ্গে। তিনি জরুরি দরকারে পাঁচ বছরের ছেলেকে নিয়ে ঢাকায় রওনা দিয়েছেন। কাঁধে ভারী ব্যাগ। দাউদকান্দির পর গণপরিবহন চলাচল বন্ধ থাকায় ছোট গাড়ি ধরার জন্য হেঁটেই পথ চলছেন। পথ চলতে চোখে পানি টলটল করছে তাঁর।

গাড়ি না পেয়ে পথে এভাবেই দুর্ভোগে পড়েছেন মেয়ে শাহিদা আক্তারকে সঙ্গে নিয়ে রওনা হওয়া কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের মোহাম্মদ আলী, দাউদকান্দির গোলাপের চরের বাসিন্দা প্রবাসী মেহেদী হাসান, চাঁদপুরের কচুয়া উপজেলার ওজানি গ্রামের শাকিলা, শাকিলার তিন বছরের মেয়ে রুপা, শাকিলার ছোট বোন অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী সুমাইয়া আক্তার এমন অনেকে। তাঁরা সবাই নিজ নিজ দুর্ভোগের কথা বলে দীর্ঘশ্বাস ছাড়েন।

গণপরিবহন চলাচল বন্ধ। তবুও জরুরি প্রয়োজনে লোকজন ঢাকায় যেতে ছোট গাড়ি খুঁজছেন। শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার টোলপ্লাজা এলাকায়
প্রথম আলো

এদিকে সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন সামনে রেখে আজ সকাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী ছোট ছোট যানবাহনের চাপ বেড়েছে। দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশ চেকপোস্ট বসিয়ে অপ্রয়োজনীয় যানবাহনগুলো আটকে দিচ্ছে। দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, সরকারি বিধি মোতাবেক শুধু অপ্রয়োজনে বেরোনো ঢাকামুখী যাত্রীবাহী যানবাহন আটকে দেওয়া হচ্ছে। জরুরি দরকারে যাঁরা বেরিয়েছেন, তাঁরা নির্বিঘ্নে ঢাকায় যাচ্ছেন।