দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে সড়কে গেল দুই বন্ধুর প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

যশোরের মনিরামপুর উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই তরুণ নিহত হয়েছেন। এ সময় আহত হন একজন। গতকাল শুক্রবার রাতে উপজেলার বসন্তপুর এলাকার খেদাপাড়া-বাঁকড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই তরুণের নাম শাওন হোসেন (১৯) ও ইমরান হোসেন (২০)। শাওন হোসেন উপজেলার কিসমত চাকলা গ্রামের এরশাদ আলীর ছেলে এবং ইমরান হোসেন একই গ্রামের কাসেম গাজীর ছেলে। তাঁরা বন্ধু। দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁদের বন্ধু আসিফ হোসেন (২২)। তিনি উপজেলার ডুমুরখালী গ্রামের আবদুল আলিমের ছেলে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, শাওন হোসেন, ইমরান হোসেন, আসিফ হোসেন, মো. নয়ন (১৯) ও মো. রনি (২০) পাঁচ বন্ধু। গতকাল রাতে এই পাঁচ বন্ধু মিলে উপজেলার খেদাপাড়া এলাকায় আরেক বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে যান। দাওয়াত খেয়ে দুটি মোটরসাইকেলে তাঁরা খেদাপাড়া-বাঁকড়া সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। একটি মোটরসাইকেলে ছিলেন শাওন, ইমরান ও আসিফ।

মোটরসাইকেলটি চালাচ্ছিলেন শাওন। অপর মোটরসাইকেলে ছিলেন নয়ন ও রনি। নয়ন ও রনিকে বহনকারী মোটরসাইকেলটি আগে আগে যাচ্ছিল। তাঁদের পেছনে যাচ্ছিল শাওন, ইমরান ও আসিফকে বহনকারী মোটরসাইকেলটি। রাত পৌনে ১০টার দিকে মোটরসাইকেল দুটি উপজেলার বসন্তপুর এলাকায় বিকাশ নন্দীর বাড়ির সামনে পৌঁছায়।

এ সময় পেছনের মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশের একটি মেহগনিগাছে ধাক্কা খায়। ঘটনাস্থলে শাওন ও ইমরান মারা যান। গুরুতর আহত হন আসিফ। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

খেদাপাড়া পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) ছদরুল আলম বলেন, শাওন হোসেন ও ইমরান হোসেন ঘটনাস্থলে নিহত হন। তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।