দাওয়াত শেষে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল এক তরুণের
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে তৈলারদ্বীপ সেতুর আনোয়ারা প্রান্তে এই দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম আরমান হায়দার (২২)। তাঁর বাড়ি কর্ণফুলী উপজেলার পাথরঘাটা ইউনিয়নে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাঁশখালী উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানের দাওয়াত শেষে আরমান ও তাঁর দুই বন্ধু মোটরসাইকেলে কর্ণফুলী ফিরছিলেন। তৈলারদ্বীপ সেতু পার হয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতেই একটি বাসের মুখোমুখি পড়েন তাঁরা। মুহূর্তেই মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে গেলে ঘটনাস্থলে নিহত হন আরমান। ওই সময় তাঁর দুই বন্ধুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয় লোকজন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম দিদারুল ইসলাম সিকদার প্রথম আলোকে বলেন, ‘আমরা দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করেছি। নিহত ব্যক্তির লাশ পারিবারিকভাবে আজ শনিবার বেলা ১১টার সময় দাফন করা হয়।’