দাকোপ ও কয়রার কৃষিশ্রমিকদের দুর্দিন

‘পোত্যেক বছর বৈশেখ মাস পড়ার কদিন আগ থাইকে দলবল নিইয়ে উত্তরে যাবার গোছগাছ শুরু হুয়ে যাইত। এই সময়ের তিন সপ্তাহর কামাইতে তো ছয় মাসের খোরাক হুয়ে যায়। বাড়িতে ছয় মাসের ভাতের ব্যবস্থা থাকলি বাকিডা চুলে যায়। এবার আর যাওয়া হুলো না। করোনা আমাগো কী টেনশ্যান যে বাড়াই দি গেইল, তা বুলে বুঝাতি পারব না।’
কৃষিশ্রমিকসরদার পরিতোষ মণ্ডল এভাবেই বলছিলেন তাঁদের দুশ্চিন্তার কথা। পরিতোষের বাড়ি খুলনার দাকোপ উপজেলার পশ্চিম খেজুরিয়া গ্রামে। প্রতিবছর খুলনার দাকোপ ও কয়রা উপজেলা থেকে হাজারো শ্রমিক বোরো ধান কাটার জন্য গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুরসহ বিভিন্ন অঞ্চলে যান।
দাকোপ ও কয়রার বিভিন্ন গ্রামের কৃষিশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, টাকার বিনিময়ে দিন বা সপ্তাহ চুক্তিতে তাঁরা ধান কাটেন না। কাটা ও মাড়াই শেষে ধানের একটা নির্দিষ্ট অংশ (ভাগ) তাঁরা নিয়ে থাকেন। শ্রমের বিনিময়ে পাওয়া ওই ধান দিয়েই বছরের প্রায় অর্ধেক সময়ের খোরাক মেটান তাঁরা। তবে যাওয়া–আসা ও থাকা মিলিয়ে একেকজন শ্রমিকের হাজার তিনেক টাকা খরচ হয়ে যায়। এবার করোনা–আতঙ্কের কারণে তাঁরা যেতে পারছেন না। পথেঘাটে বিভিন্ন সমস্যার আশঙ্কা কাজ করছে। আর ভাগের ধান নিয়ে ফেরার সময় পরিবহনসংকটে পড়তে হতে পারে বলেও ধারণা তাঁদের। এ ছাড়া দলের কেউ যদি অসুস্থ হয়ে যান, তাহলে কী হবে, এ চিন্তা থেকেই মূলত তাঁরা এবার ধান কাটতে যেতে পারছেন না। একই সঙ্গে অনাগত দিন কীভাবে চলবে, তা নিয়েও ভীষণ সংশয়ে তাঁরা।
পরিতোষ মণ্ডল বলেন, ১৫ বছর ধরে তিনি ১৮ থেকে ২০ জনের দল নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ার সীতাইকুণ্ডু গ্রামে ধান কাটতে যান। ফাল্গুন মাসের কোনো এক সময়ে গিয়ে জমির মালিকদের সঙ্গে চুক্তি করেন। বৈশাখ মাসের প্রথম সপ্তাহেই তাঁরা রওনা দেন। এরপর বৈশাখের শেষ সপ্তাহে তাঁরা ধান নিয়ে বাড়ি ফেরেন। জমির মালিককে ৫ ভাগ দেওয়ার পর ১ ভাগ তাঁরা নেন। ট্রাকে করে সেই ধান বাড়ি আনেন তাঁরা। বছরভেদে একেক রকম ধান হয়। তবে দলের প্রত্যেকে অন্তত ২০ মণের বেশি ধান নিয়ে বাড়ি ফেরেন প্রতিবছর। তিনি বলেন, ‘এবারও মালিকদের সঙ্গে চুক্তি হয়েছিল। তবে কয়েক দিন আগে তাঁদের সঙ্গে কথা হয়েছে। আমরা যেতে পারছি না বলে দিয়েছি। জমির মালিকেরাও এ বছর যেতে না করেছেন। দলের দু-একজন যেতে চাইলেও সবার মত পাওয়া যায় না। চারদিকের পরিস্থিতি খারাপ। যাওয়া–আসা, থাকা, চলাফেরা—সবকিছুতেই সমস্যা। তবে সবকিছুর ওপর খোরাকের চিন্তাটা মাথা থেকে যাচ্ছে না।’
দাকোপের সুতারখালী গ্রামের মো. আবদুল কালামও প্রতিবছর এই সময়ে ধান কাটতে যান। তিনি বলেন, ‘আমার বিঘাখানেক জমি আছে। এক ফসলি ওই জমিতে বর্ষাকালে আমন লাগিয়ে প্রায় ছয় মাসের খোরাক হয়ে যায়। আর এই সময়ে গরমের ধান কেটে বাকি সময়ের খোরাকটা মিটে যায়। তবে ঘূর্ণিঝড় বুলবুলের সময় একধরনের পোকা লাগায় নিজের জমিতে আমন হয়নি বললেই চলে। মাস দু-একের খোরাক হয়েছিল। ভরসা ছিল গরমের ধান কেটে পাওয়া ধানের। তাও গেল। কীভাবে চলবে, তা উপরওয়ালাই জানে।’
দাকোপের মতো খুলনার উপকূলীয় কয়রা উপজেলা থেকেও বিপুল শ্রমিক এই সময় ধান কাটতে যান। কয়রার মহেশ্বরীপুর গ্রামের মো. সাঈদ গাজী প্রতিবছর এলাকার ৩০ জন শ্রমিক নিয়ে গোপালগঞ্জের খলশিবাজারের নিজামকান্দি গ্রামে ধান কাটতে যান। সাঈদ জানান, বৈশাখের প্রথম সপ্তাহে তাঁরা ধান কাটতে রওনা হন। ২৬ থেকে ২৮ দিন ধান কাটেন। প্রত্যেকে ১৯ থেকে ২০ মণ করে ধান নিয়ে বাড়ি ফেরেন। মাস দুয়েক আগে তিনি ৫০ একর জমির ধান কেটে মাড়াই করে দেবেন বলে মহাজনদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। এ বাবদ সাড়ে ৫ হাজার টাকাও জমা দিয়েছিলেন। কিন্তু করোনার কারণে তাঁরা যাচ্ছেন না। তিনি বলেন, ‘প্রথম প্রথম ভাবছিলাম রিস্কটা (ঝুঁকি) নিতেই হবে। তবে ৩০টা ছেলের জীবন আমার হাতে। এই বিপদের মধ্যে তাদের নিয়ে বের হওয়াটা ঠিক হবে না। যাওয়ার সময় পথেঘাটে মারাত্মক ঝুঁকিতে পড়তে হবে। সবার সঙ্গে কথা বলে না যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছি। অন্য গ্রাম থেকে হয়তো দু-একজন দল না বেঁধে আলাদাভাবে যাবে।’ কথা বলার একপর্যায়ে তিনি বলেন, ‘সব্বনাশ যা হবার তা হুয়ে গেছে। ওই ধানে আমাগে ছয়-সাত মাসের খোরাক চলে। ধানডা বাড়ি আনার পর কোনো চিন্তে থাকে না। বছরভুরে টুকটাক অন্য কাজ করলি বাজারঘাটের খরচ উঠেই যায়। সামনের দিনগুলো ক্যামনে চলবে তা মাথায় আসতেছে না।’
গোপালগঞ্জের রামশীল এলাকায় প্রায় ৫০ জনের দল নিয়ে যান কয়রার আমতলা গ্রামের আবদুল হামিদ। এলাকায় নিজের জমি না থাকায় কিছু জমি বর্গা নেন তিনি। লবণাক্ত ওই জমিতে ভালো ধান হয় না। গভীর সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আইলাকবলিত আমাদের অঞ্চলে অন্য ফসল হয় না বললেই চলে। আমাদের খোরাকের অন্যতম ভরসা কেটে পাওয়া বোরো ধান। বলা যায় বাঁচন-মরণ ওই ধানে। এবার সেই ধানই পাওয়া হবে না। অন্য কাজও করা যাচ্ছে না। আমাদের মতো গরিব মানুষের কপালে এবার কী যে আছে।’