দাগনভূঞা পৌরসভা: নৌকার প্রার্থী ওমর ফারুক, ধানের শীষের সাইফুর রহমান
ফেনীর দাগনভূঞা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ওমর ফারুক খান। গতকাল শুক্রবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থী হিসেবে তাঁর নাম চূড়ান্ত করা হয়। এ নিয়ে ওমর ফারুক খান টানা তৃতীয়বারের জন্য মেয়র পদে দলীয় মনোনয়ন পেলেন।
এদিকে বিএনপির মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান (স্বপন)। গতকাল বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
ওমর ফারুক খান দাগনভূঞা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ছাত্রলীগের সাবেক এই নেতা ২০১১ সালের নির্বাচনে প্রথম দাগনভূঞা পৌরসভার মেয়র নির্বাচিত হন। তখন তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন। ওমর ফারুক খান ২০১৫ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী সাইফুর রহমানকে হারিয়ে দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন।
ওমর ফারুক খান বলেন, তিনি পৌর এলাকার সব সড়কে সড়কবাতির ব্যবস্থা করেছেন। ইতিমধ্যে পৌর এলাকায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য ৩৫ কিলোমিটার পাইপ বসানোর কার্যাদেশ দেওয়া হয়েছ। করোনার সময় দলীয় নেতা–কর্মী ছাড়াও পৌর এলাকার সাধারণ মানুষের বাড়িঘরে খোঁজখবর নিয়েছেন। সরকারি ত্রাণের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকেও সহযোগিতা করেছেন।
ওমর ফারুক খান আরও বলেন, নির্বাচনে জয়ী হলে পৌর এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সর্বাত্মক চেষ্টা করবেন।
বিএনপির প্রার্থী সাইফুর রহমান ২০১৫ সালের নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তবে এবারও দল তাঁর ওপর আস্থা রেখেছে। তিনিও জয়ের ব্যাপারে আশাবাদী। সাইফুর রহমান বলেন, দীর্ঘদিন তিনি ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বিএনপির রাজনীতি করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন। দল তাঁকে মূল্যায়ন করেছে। ভোট সুষ্ঠু হলে তিনি জয়লাভ করবেন।
আগামী ১৬ জানুয়ারি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) দাগনভূঞা পৌরসভায় ভোট গ্রহণ করা হবে। তফসিল অনুযায়ী ২০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই। ২৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।