দাগনভূঞায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ফেনীর দাগনভূঞায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন তিনজন। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার এয়াকুবপুর ইউনিয়ন অংশের ফেনী-বসুরহাট সড়কের এনায়েতভূঞা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম একরাম হোসেন (২৪)। তিনি ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরের ভোলাচর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। তিনি ফেনী শহরের হাজারী রোডে বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং শহরের বিভিন্ন এলাকায় ফেরি করে মাছ বিক্রি করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে একরাম হোসেন মাছ বিক্রির উদ্দেশ্যে ফেনী থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটের দিকে যাচ্ছিলেন। এর মধ্যে অটোরিকশাটি এনায়েতভূঞা এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একরাম মারা যান। এ সময় অটোরিকশার চালকসহ তিনজন আহত হন। স্থানীয় লোকজন দ্রুত আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ভর্তি করেন।

খবর পেয়ে দাগনভূঞা থানা–পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে। দাগনভূঞা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।