দাঙ্গা লাগিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁদশ্রী পূজামণ্ডপে
ছবি: সংগৃহীত

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ বলেছেন, কুমিল্লার ঘটনা গভীর ষড়যন্ত্র। গণতন্ত্র, নির্বাচন, রাজনৈতিক সংকট ও জনজীবনের সমস্যা আড়াল করতে নানা অঘটন ঘটানো হচ্ছে। মূলত অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র চলছে।

বৃহস্পতিবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ বলেন, এখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চলছে। মুসলমান ও হিন্দুসহ সব ধর্মের মানুষের প্রতি চলমান ষড়যন্ত্র বিষয়ে সতর্ক থাকতে হবে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে এমরান সালেহ বলেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতা, মূল্যবোধ এবং ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাস করে।

হালুয়াঘাট উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের লোকজন ও পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপে নগদ অর্থসহায়তা করেন সৈয়দ এমরান সালেহ। এ সময় তাঁর সঙ্গে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া, আবু হাসনাত, বিএনপি নেতা আবদুল হামিদ, আলী আশরাফ, আবদুল আজিজ খান উপস্থিত ছিলেন।