দাফনের পর হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে উদ্ধার হলো প্রকৃত লাশ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় গত সোমবার বিকেলে পুকুর থেকে এক তরুণের লাশ উদ্ধার করেছিল পুলিশ। অর্ধগলিত লাশটি উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে শনাক্ত করে বলা হয়েছিল, লাশটি উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামের ডালিম আহমদের (২৪)। ময়নাতদন্ত শেষে গত মঙ্গলবার লাশটির দাফনও সম্পন্ন হয়।
এরপর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে নামে পুলিশ। তদন্ত করতে গিয়ে মঙ্গলবার রাতে ঘাটেরচটি এলাকা থেকে আরেকটি লাশ উদ্ধার করা হয়। নতুন লাশের পরিচয় জানতে আঙুলের ছাপ নিয়ে যাচাই করে পুলিশ। এতে দেখা যায়, মঙ্গলবার রাতে উদ্ধার হওয়া লাশটিই ডালিম আহমদের। আর ডালিম আহমদ ভেবে যাঁকে দাফন করা হয়েছিল, তিনি অজ্ঞাত ব্যক্তি।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ প্রথম আলোকে বলেন, সোমবার দুপুরে উদ্ধার হওয়া লাশটি প্রথমে ডালিম আহমদ হিসেবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে মঙ্গলবার রাতে হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করতে গিয়ে আরেকটি লাশ উদ্ধার করা হয়। পরে জানা যায়, সেটি প্রকৃত ডালিম আহমদের। ডালিম ভেবে যাঁকে কবর দেওয়া হয়েছিল, তিনি অজ্ঞাত ব্যক্তি। তাঁর নাম–পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, প্রকৃত ডালিমের লাশের ময়নাতদন্ত শেষে গতকাল বুধবার পরিবারের কাছে হস্তান্তরের পর বিকেলে দাফন করা হয়েছে।
পুলিশ জানায়,সোমবারে উদ্ধার হওয়া লাশটি পানিতে থাকায় অর্ধগলিত ছিল। লাশটির পায়ে রশি বাঁধা ও গলায় রশি প্যাঁচানো ছিল। ডালিম আহমদের পরিবার শনাক্ত করায় মঙ্গলবার দুপুরে লাশটির দাফন হয়। হত্যাকাণ্ডের তদন্ত করতে সরেজমিন ঘাটেরচটি এলাকার একটি মসজিদের পাশে বিদ্যুতের খুঁটিতে রক্তের দাগ পায় পুলিশ। রক্তের সন্ধান করতে গিয়ে মসজিদসংলগ্ন একটি পতিত জমিতে মাটিচাপা দেওয়া অবস্থায় আরও একটি লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) লাশের আঙুলের ছাপ সংগ্রহ করে সেটি ডালিম আহমদের বলে শনাক্ত করে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া লাশের গলা কাটা এবং বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এমন অবস্থায় পুলিশ অনেকটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আগের লাশটির পরিচয় শনাক্তে পুলিশ এখনো কাজ করে যাচ্ছে।
পুলিশ জানিয়েছে, ডালিম আহমদের লাশ উদ্ধারের ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তবে দুই লাশ উদ্ধারের ঘটনায় কোনো মামলা হয়নি। ডালিম আহমদ ৫ মার্চ রাতে নিখোঁজ হন। পরদিন তাঁর বাবা জৈন্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।