দাম নিয়ে চিন্তিত কৃষক

ইউরিয়া সার বিভিন্ন এলাকার খুচরা বাজারে বিক্রি হচ্ছে সর্বোচ্চ ২০ টাকা কেজি দরে। অথচ সরকার নির্ধারিত মূল্য ১৬ টাকা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে হাওরের বোরো আবাদ শেষ। এখন জমিতে সবুজ ধানের চারা বেড়ে উঠছে। কৃষকেরা সেই জমিতে দিচ্ছেন ইউরিয়া সার। কিন্তু এই সার খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪ থেকে ৫ টাকা বেশি দামে। আবার ডিজেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় জমিতে সেচ দিতে গিয়ে বেশি খরচ পড়ছে তাঁদের।

কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, হাওরে বোরো আবাদ শেষ হওয়ায় এখন জমিতে ইউরিয়া সার দিচ্ছেন তাঁরা। হাওরে এখন ইউরিয়া সারের চাহিদা বেশি। এতে চারা শক্ত হয়, মাটির উর্বরতা শক্তি বাড়ে। কিন্তু ইউরিয়া সার বিভিন্ন এলাকার খুচরা বাজারে বিক্রি হচ্ছে সর্বোচ্চ ২০ টাকা কেজি দরে। অথচ ইউরিয়া সারের সরকার নির্ধারিত মূল্য ১৬ টাকা কেজি।

কৃষকেরা জানান, বাজারে সারের সংকট না থাকলেও খুচরা বিক্রেতারা দাম বাড়িয়ে দিয়েছেন। ১৮ থেকে ২০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে তাঁদের। একই সময়ে জমিতে সেচ দিতে ডিজেলের প্রয়োজন হয়। বাজারে এখন প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা। অথচ মাসখানেক আগেও প্রতি লিটার ডিজেল তাঁরা কিনেছেন ৬৫ থেকে ৭০ টাকায়।

বাজার ঘুরে জানা যায়, ইউরিয়া সার এক মাস আগে বিক্রি হতো ১৬ টাকা কেজিতে। এখন বিক্রি হচ্ছে ১৮–২০ টাকায়। ২২ টাকা কেজির টিএসপি সার এখন বিক্রি হচ্ছে ২৪-২৫ টাকায়। এমওপি সার ১৬ থেকে বেড়ে হয়েছে ১৮ টাকা কেজি। বেশি দামে সার ও ডিজেল কেনায় তাঁদের জমি আবাদে খরচ বেড়ে গেছে।

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কৃষক তাজউদ্দিন বলেন, এমনিতেই এখন জমি আবাদে মজুরি, চারা কেনাসহ নানাভাবে ব্যয় বেড়ে গেছে। তার ওপর এখন সার ও ডিজেল কিনতে বাড়তি টাকা যাচ্ছে। এটি একটি সমস্যা।

একই গ্রামের রফিকুল ইসলামের ভাষ্য, শুধু সার, ডিজেল নয়, সব ধরনের কৃষিপণ্যের দামই এখন বেড়েছে। কৃষিকাজ ছাড়া অন্য কিছু করতে পারেন না তিনি। সরকারের উচিত কৃষকদের স্বার্থে কৃষিপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখা।

বিশ্বম্ভরপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের কৃষক স্বপন কুমার বর্মণ বলেন, জমিতে কৃষকদের সেচ দিতেই হবে। না হলে ফলন কম হবে। তাই বাধ্য হয়েই বেশি দামে ডিজেল কিনতে হচ্ছে। সারের দাম সহনীয় পর্যায়ে আছে বলে উল্লেখ করে বিশ্বম্ভরপুর উপজেলার একজন খুচরা সার বিক্রেতা জানান, সার খুব একটা বেশি দামে বিক্রি করছেন না তাঁরা। ডিলারের কাছ থেকে আনতে পরিবহন খরচ আছে। এ জন্য কেজিপ্রতি দু–এক টাকা বেশি বিক্রি করতে হয় তাঁদের। এ নিয়ে কৃষকদেরও কোনো অভিযোগ নেই।

সুনামগঞ্জ পৌর শহরের শামসুদ্দিন নামের একজন ডিজেল বিক্রেতা বলেন, ডিজেলের দাম বেড়েছে তিন মাস আগে। সেই দামেই বিক্রি করছেন তাঁরা। শহরে এখন প্রতি লিটার ডিজেল ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে গ্রামের দিকে কিছুটা বেশি দামে বিক্রি হয়।

সুনামগঞ্জে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম। তিনি বলেন, সারের পর্যাপ্ত মজুত আছে। কোথাও যাতে বেশি দামে সার বিক্রি না হয় এ জন্য তাঁদের তদারকি আছে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের তদারকিতেই সার বিক্রি হচ্ছে। তারপরও কোথাও কেউ বেশি দামে সার বিক্রির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিজেলের বিষয়ে তিনি বলেন, দাম বাড়াতে কিছুটা সমস্যা তো কৃষকের হবেই। তবে এমন নয় যে সার, ডিজেল পাওয়া যাচ্ছে না। সব বিষয়েই তদারকি করা হচ্ছে।