দাম বাড়লেও খাবারের মান না বাড়ানোর অভিযোগ, শিক্ষার্থীদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল
ছবি: প্রথম আলো

রমজান মাসে ভালো খাবার দেওয়া হবে এমন আশ্বাসে বাড়ানো হয়েছিল দাম। তবে দাম বাড়লেও খাবারের মান বাড়েনি বলে অভিযোগ করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরান হলের শিক্ষার্থীরা। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কেউ কেউ ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের তিনটি আবাসিক হল আছে। এর মধ্যে শাহপরান হলে ৪৪৭টি আসনে ছাত্ররা থাকেন। খাবারের জন্য হলে একটি ডাইনিং ও একটি ক্যাফেটেরিয়া আছে। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ৫২৫টি ও সৈয়দ মুজতবা আলী হলে ৬৮টি আসন আছে। এর মধ্যে মুজতবা আলী হলে ডাইনিংয়ের ব্যবস্থা নেই।

শাহপরান হলের শিক্ষার্থীরা জানান, তাঁদের ডাইনিংয়ে রোজার আগে মাছ ও মুরগির মাংস দিয়ে খেলে শিক্ষার্থীদের ২২ টাকা করে দেওয়া লাগত। রোজার মাসে একই খাবারের জন্য তাঁদের গুনতে হচ্ছে ৩৫ টাকা। ক্যাফেটেরিয়াতে মাছ ও ঝালফ্রাইয়ের জন্য রোজার আগে ৩০ থেকে ৩৫ টাকা দেওয়া লাগত। এখন দিতে হচ্ছে ৪০ টাকা। ক্যাফেটেরিয়াতে রমজানের আগে মুরগির রোস্ট ছিল ৪০ থেকে ৪৫ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ থেকে ৫০ টাকায়।

একাধিক শিক্ষার্থীর অভিযোগ, রোজায় তুলনামূলকভাবে ভালো মানের খাবার দেওয়া হবে জানিয়ে হলের ডাইনিং ও ক্যাফেটেরিয়ায় খাবারের দাম বাড়ানো হয়। মাছ ও মাংসের টুকরা এখনো আগের মতোই আছে। সেই সঙ্গে প্রায় মসলাবিহীন তরকারি রান্না করায় খাবারের মানও আগের মতো স্বাদহীন। মানহীন খাবারের কারণে তাঁদের পুষ্টিচাহিদাও মিটছে না। এর চেয়ে বঙ্গবন্ধু হলে খাবারের মান অনেক ভালো বলে জানান তাঁরা।

নাম প্রকাশে অনিচ্ছুক শাহপরান হলের একজন আবাসিক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, রোজা উপলক্ষে শাহপরান হলে খাবারের দাম বাড়ানো হলেও মান বাড়ানো হয়নি। এতে অনেক ছাত্রই ক্ষুব্ধ। অথচ বঙ্গবন্ধু হলে ঠিকই তুলনামূলকভাবে ভালো খাবার দেওয়া হচ্ছে। ফলে শাহপরান হলের অনেক ছাত্র নিজেদের হলের ডাইনিং ও ক্যাফেটেরিয়ায় না খেয়ে বঙ্গবন্ধু হলের ডাইনিং ও ক্যানটিনে খেতে যান।

তবে শাহপরান হলের ক্যাফেটেরিয়া পরিচালক কামাল উদ্দিন প্রথম আলোর কাছে দাবি করেন, রোজা উপলক্ষে খাবারের দাম যেমন বাড়ানো হয়েছে, তেমনি ভালো মানের খাবার পরিবেশন করা হচ্ছে।

শাহপরান হলের শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু হলের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, বঙ্গবন্ধু হলের ডাইনিংয়ে খাসির মাংস ও ক্যানটিনে গরুর মাংস পাওয়া যায়। এসব মাংস শাহপরান হলে মেলে না। খাসি ও গরুর মাংসের দাম রাখা হয় ৮০ টাকা। অন্যদিকে বঙ্গবন্ধু হলের ডাইনিং ও ক্যানটিনে ৪০ থেকে ৫০ টাকায় মাছ পাওয়া যায়। যা রোজার আগে ছিল ৩০ থেকে ৩৫ টাকা। একইভাবে ডাইনিং ও ক্যানটিনে মুরগির মাংস ৪০ টাকা ও রোস্ট ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আগে মুরগির মাংস ছিল ৩০ থেকে ৩৫ টাকা এবং রোস্ট ছিল ৪০ থেকে ৫০ টাকা।

শাহপরান হল কর্তৃপক্ষ জানিয়েছে, বঙ্গবন্ধু হলের চেয়ে শাহপরান হলে কম টাকায় খাবার পাওয়া যায়। দামের হেরফেরের কারণে দুই হলে মাছ ও মাংসের আকারেও কিছুটা পার্থক্য আছে। তবে যে খাবার পরিবেশন করা হয়, সেটা মোটেও মানহীন না। কম দামে ভালো ও মানসম্পন্ন খাবার পরিবেশনের জন্য ডাইনিং ও ক্যাফেটেরিয়া পরিচালকদের সার্বক্ষণিক নির্দেশনা দেওয়া আছে। তবে রোজার আগের মতো এখনো হলের ডাইনিংয়ে ২২ টাকায় খাবার পাওয়া যাচ্ছে। কেবল যেসব ছাত্র একটু ভালো খাবার খেতে চান, তাঁদের জন্য রোজা উপলক্ষে দাম বাড়িয়ে সেটাই ৩৫ টাকায় নিয়ে যাওয়া হয়েছে।

শাহপরান হলের প্রাধ্যক্ষ মিজানুর রহমান খান প্রথম আলোকে বলেন, শাহপরান হলে খাবারের দাম তুলনামূলকভাবে কম। রোজাকে উপলক্ষ করে ছাত্রদের সঙ্গে বসে, তাঁদের পরামর্শ অনুযায়ী দাম বাড়ানো হয়েছে। এতে মাছ-মাংসের আকারের পাশাপাশি মানও বেড়েছে। খাবারের মান যেন ঠিক থাকে, তা-ও তাঁরা নিয়মিত তদারক করছেন।

মিজানুর রহমান খান আরও বলেন, হলের ছাত্রদের স্বাস্থ্যসম্মতভাবে খাবারের পরিবেশ নিশ্চিত করতে কয়েক দিন আগে ডাইনিং ও ক্যাফেটেরিয়ায় নতুন হাঁড়ি, পাতিল, প্লেট, গ্লাস কিনে দেওয়া হয়েছে। এ ছাড়া নিয়মিত বৈঠকের অংশ হিসেবে আগামী রোববার বেলা দেড়টায় হলের ছাত্রদের নিয়ে বসা হবে। ওই বৈঠকে যদি তাঁদের কোনো সমস্যার প্রসঙ্গ উঠে আসে, সেগুলো তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।