উত্তরাঞ্চলের ‘শস্যভান্ডার’খ্যাত বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষকেরা এখন কর্মব্যস্ত। কাকডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলছে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। এবার ধানের দামও ভালো। তাই ধান কাটতে কোমর বেঁধে মাঠে নেমেছেন কিষান-কিষানিরা।
গত মঙ্গলবার সকালে উপজেলার বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, মাঠগুলোতে শুধু ধান আর ধান। বেশির ভাগ খেতে ধান পেকে গেছে। কিছু খেত এখনো সবুজ। আট-দশ দিনের মধ্যে মাঠের ধান সব পেকে যাবে।
উপজেলার বাকশন গ্রামের কৃষক আমিনুল ইসলাম (৪৫) বলেন, ‘খরচ আর ধানের দাম মিলিয়ে এবার মোটামুটি লাভ হবে। এখন পর্যন্ত ধানের যা দাম তাতে উৎপাদন খরচ মিটিয়ে কিছু ধান রাখতে পারলে কয়েক মাসের খোরাকির চিন্তাও থাকবে না।’
উপজেলার চানপাড়া গ্রামের ধানচাষি সাজাহান আলী (৪০) জানান, এবার তিনি এক বিঘা জমিতে আমন ধানের চাষ করেছেন। এতে তাঁর খরচ হয়েছে সার, কীটনাশক, হাল, সেচ, শ্রমিক মিলে পাঁচ হাজার ৪০০ টাকা। তিনি ধান পেয়েছেন ১৩ মণ। প্রতি মণ ৭৮০ টাকা দরে ১০ হাজার ১৪০ টাকায় বিক্রি করেছেন। আর খেতের খড় বিক্রি করেছেন এক হাজার ৫০০ টাকায়। এবার আমন চাষ করে তাঁর ছয় হাজার ২৪০ টাকা লাভ হয়েছে।
উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, ‘এ উপজেলায় এবার ২০ হাজার ৯০০ হেক্টর জমিতে আমনের চাষ হয়। ফলন হয়েছে বেশ ভালো। এখন পর্যন্ত যে বাজারদর রয়েছে তাতে কৃষকেরা লাভবান হবেন।’