দামুড়হুদায় প্রথম দিনে ঢিলেঢালা লকডাউন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লকডাউন চলাকালে সাড়ে আজ সকাল আটটায় দামুড়হুদা বাসস্ট্যান্ডের চিত্র।
ছবি: প্রথম আলো

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে ১৪ দিনের লকডাউন শুরু হয়েছে। দর্শনা পৌরসভা ও উপজেলার আটটি ইউনিয়নে লকডাউনের প্রথম দিনেই অনেকটা ঢিলেঢালা ভাব দেখা গেছে।

উপজেলায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় চুয়াডাঙ্গা জেলা কমিটি গতকাল সোমবার জরুরি সভায় লকডাউনের সিদ্ধান্ত নেয়। করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধসংক্রান্ত জেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার ওই দিন দুপুরে লকডাউনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। পাঁচ দফা শর্ত দিয়ে রাতে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

শর্তগুলো হচ্ছে জাতীয় ও আঞ্চলিক সড়ক বা মহাসড়ক ও নৌপথে বা অন্য কোনো জেলা বা উপজেলা থেকে কেউ এ উপজেলায় প্রবেশ করতে কিংবা এ উপজেলা থেকে যেতে পারবে না; সব ধরনের গণপরিবহন, জনচলাচল বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা ওষুধ ও চিকিৎসাসেবা, কৃষিপণ্য, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য সরঞ্জাম সংগ্রহ ও পরিবহন এবং সীমিত পরিসরে ব্যাংকিং সেবা এর আওতাবহির্ভূত থাকবে; কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে; শপিং মলসহ অন্যান্য দোকান বন্ধ থাকবে; খাবারের দোকান ও হোটেল রেস্তোরাঁয় কেবল খাদ্য বিক্রয় বা সরবরাহ করা যাবে। কোনো অবস্থাতেই হোটেল–রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ করা যাবে না; মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে।

আজ সকাল ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে সবকিছুতেই গা ছাড়া ভাব দেখা যায়। সকাল থেকেই দূরপাল্লা, অভ্যন্তরীণ পথে বাসসহ সব ধরনের যানবাহন অবাধে চলাচল করতে দেখা যায়। অধিকাংশ মানুষকে মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি।

বিভিন্ন গ্রামের প্রবেশমুখে বাঁশের প্রতিবন্ধকতা চোখে পড়ে। এসব প্রতিবন্ধকতার পাশে কোথাও কোথাও পুলিশ সদস্য এবং স্বেচ্ছাসেবকদের দেখা যায়। তারপরও প্রতিবন্ধকতা তুলে লোকজন স্বাভাবিকভাবেই চলাচল করতে থাকে। হোটেল-রেস্তোরাঁগুলো কেবল খাদ্য বিক্রয় বা সরবরাহের কথা থাকলেও খোদ উপজেলা পরিষদের গেটের সামনে অবস্থিত হোটেলে বসে অনেককেই খেতে দেখা যায়। তবে শপিং মল ও দোকানপাঠ বন্ধ থাকতে দেখা যায়।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় ১০৬ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ দশমিক ১৭ শতাংশ। সোমবার ছিল ৪৩ দশমিক ১৮ শতাংশ। অর্থাৎ এক দিনের ব্যবধানে প্রায় ৪ শতাংশ বেড়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা (রোগনিয়ন্ত্রণ) মো. আওলিয়ার রহমান জানান, জেলায় গত এক সপ্তাহে গড় শনাক্তের হার ৪৩ দশমিক ৫০ শতাংশ। করোনার শুরু থেকে গত ১৬ মাসে জেলায় ১০ হাজার ৭৬৯ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৩২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় মারা গেছেন অন্তত ৭১ জন।