দালাল ধরতে ময়মনসিংহ মেডিকেলে র্যাবের অভিযান, আটক ১৩
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল হিসেবে কাজ করার অভিযোগে ১৩ জনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল চত্বরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন এনায়েত কবির (৪২), মনোয়ার হোসেন (৪২), রতন মিয়া (৪৫), মনির হোসেন (৩৭), মাসুদুল করিম, ফিরোজ মিয়া (৫০), আলাল উদ্দিন (৬০), নজরুল ইসলাম (৪০), আলাউদ্দিন (৫৫), টুটুল আহমেদ (৩৭), সোহেল মিয়া (৩১), আলমগীর হোসেন (৪২) ও আসাদুল ইসলাম (২৭)।
আটক হওয়া ব্যক্তিরা মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও জরুরি বিভাগের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
স্থানীয় লোকজন জানান, আটক হওয়া ব্যক্তিরা বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং অ্যাম্বুলেন্স সরবরাহের কাজে নিয়োজিত দালাল।
র্যাব-১৪ ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, সম্প্রতি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালের দৌরাত্ম্য বেড়েছে বলে একাধিক অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৩ জনকে আটক করা হয়েছে। তাঁরা প্রত্যেকেই রোগী ও রোগীর স্বজনদের নানাভাবে হয়রানি করে আসছিল। আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ করার প্রস্ততি চলছে।