দাহ করার পর থানায় মামলা করলেন ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেলের চাপায় নিহত এক ব্যক্তিকে দাহ করার পর থানায় মামলা করা হয়েছে। শনিবার রাতে নিহত ব্যক্তির ছেলে বাদী হয়ে নিরাপদ সড়ক আইনে মোটরসাইকেলের চালককে আসামি করে মামলাটি করেন।

অভিযোগ উঠেছে, স্থানীয়ভাবে সালিসের নামে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়ে নিহত ব্যক্তির পরিবারকে মামলা করা থেকে বিরত রাখার চেষ্টা করা হয়েছে।

নিহত সুশীল চন্দ্র বিশ্বাস (৭০) নান্দাইল উপজেলার আতারামপুর গ্রামের বাসিন্দা। তাঁর ছেলে রিপন চন্দ্র বিশ্বাস বাদী হয়ে মোটরসাইকেলচালক মো. রায়হানকে (২৫) আসামি করে মামলা করেছেন। রায়হান উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের শফিউদ্দিন খলিফার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর বাজারে সুশীল বিশ্বাসের মিষ্টির দোকান রয়েছে। গত শুক্রবার সন্ধ্যার দিকে দোকান থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে বাগানবাড়ি এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেলের চাপায় সুশীল বিশ্বাস গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ঢাকায় নিয়ে যেতে পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু তাঁকে বাড়িতে নিয়ে যান পরিবারের সদস্যরা। শনিবার সকাল সাড়ে আটটায় তাঁর মৃত্যু হয়। সন্ধ্যার দিকে তাঁর মরদেহ দাহ করা হয়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, শনিবার রাতে নিহত ব্যক্তির ছেলে রিপন বিশ্বাস বাদী হয়ে মামলা করেছেন। দুপুরে তিনি (রিপন) থানায় এলেও মামলা করেননি। পুলিশের পক্ষ থেকে মামলা গ্রহণে কোনো অনীহা ছিল না।

সালিসের নামে ক্ষতিপূরণ আদায়ের কথা বলে প্রথমে সুশীল বিশ্বাসের পরিবারকে মামলা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এ সম্পর্কে বীর বেতাগৈয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন জানান, তিনি নিহত ব্যক্তির পরিবারকে মামলা করার পরামর্শ দিয়েছিলেন। পরে সালিস আয়োজন করার কথা শুনেছেন। নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ২ লাখ ৮০ হাজার টাকা ধার্য করা হয়েছিল। ওই টাকা আদায় করার কথা ছিল মোটরসাইকেলচালক রায়হানের কাছ থেকে।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে জাহাঙ্গীরনগর গ্রামে আসামি মো. রায়হানের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। বাড়ির সদস্যরা কেউ কথা বলতে রাজি হননি।

রিপন বিশ্বাস আজ প্রথম আলোকে বলেন, ‘সালিস করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছিল। তবে আমাদের টাকা দেওয়া হয়নি। তাই মামলা করেছি।’

ওসি মিজানুর রহমান আকন্দ জানান, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে চালক রায়হানকে গ্রেপ্তার করা যায়নি। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ময়নাতদন্ত না হলেও কোনো সমস্যা হবে না। পারিপার্শ্বিক তথ্য–প্রমাণে মামলা চালানো যাবে।